shono
Advertisement
Quinoa Breakfast Recipes

মেদ ঝরাতে কিনোয়া কিনেছেন, অথচ রান্নার পদ্ধতি জানেন না? রইল ৫ সহজ রেসিপি

কিনোয়া দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, হুটপাট ক্রেভিং-ও নিয়ন্ত্রণে থাকে এর দৌলতে। অনেকখানি ডালিয়ার মতো খেতে হলেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে স্বাদে।
Published By: Utsa TarafdarPosted: 02:26 PM Aug 19, 2026Updated: 02:26 PM Aug 19, 2026

মেদ ঝরানোর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল, সকালের জলখাবারে কী কী থাকছে, সে বিষয়ে সচেতন হওয়া। জলখাবার হতে হবে স্বাস্থ্যকর, পেট ভরানো। আবার একই সঙ্গে তা সারাদিনের প্রয়োজনীয় শক্তি জোগাবে। এমন সময়ে জলখাবার হিসেবে উপযোগী হতে পারে ‘সুপারফুড’ কিনোয়া। বর্তমানে সোশাল মিডিয়ায় দেখে অনেকেই কিনোয়া নিয়ে আসেন বাড়িতে, কিন্তু তা কীভাবে রান্না করা যায় জানেন না।

Advertisement

ডালিয়ার সঙ্গে মিল রয়েছে এই সুপারফুডের।

কিনোয়া গ্লুটেন-মুক্ত, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এবং বিভিন্ন ভিটামিন ও খনিজে ভরপুর। এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, হুটপাট ক্রেভিং-ও নিয়ন্ত্রণে থাকে এর দৌলতে। অনেকখানি ডালিয়ার মতো খেতে হলেও সূক্ষ্ম পার্থক্য রয়েছে স্বাদে। কীভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি (Quinoa Breakfast Recipes)।

১. কিনোয়া পোরিজ
দুধ ফুটলে কিনোয়া দিয়ে দিন তাতে। মাখো মাখো হয়ে গেলে নামিয়ে দিন। আপেল, কলার মতো পছন্দসই ফল ও কাজু-আমন্ড টুকরো করে ছড়িয়ে দিন উপরে। স্বাদের জন্য মধু বা গুড় মেশান। ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খাবার দীর্ঘক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করে।

কিনোয়া উপমা

২. কিনোয়া উপমা
পদ্ধতি সুজির উপমার মতোই। অল্প ঘিতে কিনোয়া ভেজে নিয়ে ধীরে ধীরে জল ঢেলে দিন। সামান্য নরমভাব এলে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা পিঁয়াজ, টোম্যাটো, গাজর, বিনস, মটসশুঁটি। সর্ষে, কারিপাতার ফোড়নও দিতে পারেন। সময়মতো লবণ, লঙ্কা গুঁড়ো দিলেই তৈরি।

৩. কিনোয়া প্যানকেক
এর জন্য আগে মিহি গুঁড়ো করে নিতে হবে কিনোয়া। তাতে সামান্য ময়দা, ডিম ও এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে ব্যাটার তৈরি করুন। পাত্রে মাখন দিয়ে, পর্যাপ্ত ব্যাটার ঢেলে দিন। ওপরে মধু কিংবা চকোলেট সস ঢেলে দিতে পারেন স্বাদে মিস্টতা চাইলে।

কিনোয়া স্মুদি

৪. কিনোয়া স্মুদি
যাঁরা নিয়মিত স্মুদি খেতে অভ্যস্ত, তারা কিনোয়াকেও ব্যবহার করতে পারেন এই কাজে। সেদ্ধ কিনোয়া, টক দই বা দুধ, কলা, আমন্ড, খেজুরের সঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাস বা বাটিতে ঢেলে নেওয়ার পর উপরে চিয়া সিড বা সানফ্লাওয়ার সিড, ফল বা বাদামের টুকরো ছড়িয়ে দিন। তৈরিতে একেবারেই সময় লাগে না এই জলখাবার, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে।

৫. কিনোয়া-ডিমের স্ক্র্যাম্বল
সাধারণ পদ্ধতি মেনে ডিম স্ক্র্যাম্বল করে নিন। হয়ে এলে, সেদ্ধ কিনোয়া মেশান তাতে। সবজি ছোট টুকরো করে, ভেজে রাখতে পারেন আগে থেকে। সব একসঙ্গে নেড়ে উপর থেকে লবণ, গোলমরিচ আর ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিন। স্বাস্থ্য তো বটেই, স্বাদের খেয়ালও রাখবে এই খাবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement