বসন্তের আমেজ গায়ে মেখে ফের রসনাবিলাসে মাততে চলেছে শহর। তিলোত্তমার খাদ্যপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল জনপ্রিয় রেস্তোরাঁ শৃঙ্খল ‘চাউম্যান’। শুরু হল ‘দ্য গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যাল’-এর দ্বিতীয় সংস্করণ। কেবল চিন নয়, এশিয়ার আরও পাঁচটি দেশের সাবেকি স্বাদ এবার মিলবে খাস কলকাতায়। জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার রন্ধনশৈলীকে এক ছাদের তলায় নিয়ে এসেছে এই উৎসব।
এশিয়ার স্বাদ এবার এক থালায়! খাদ্য রসিকদের জন্য সাজানো হয়েছে এক এলাহি মেনু। জাপানি রসনার টানে যারা মজে থাকেন, তাঁদের জন্য থাকছে চিকেন কারাগে, ইয়াকি উদন এবং পোর্ক তেরিয়াকি। সুদূর কোরিয়ার জনপ্রিয় রামেন বোল কিংবা জাজাংমিয়ংয়ের স্বাদ মিলবে প্রতিটি আউটলেটে। ভিয়েতনামের বিশেষত্ব হিসেবে থাকছে গুই কুওন এবং পোর্ক বাও। থাইল্যান্ডের ঝাল-মিষ্টি স্বাদের ভাগ নিতে চাইলে থাকছে টম ইয়াম ফ্রায়েড রাইস। আবার মালয়েশিয়ার জনপ্রিয় লাকসা লেমাক বোল বা চার কুয়ে তেও চেখে দেখার সুযোগও থাকছে এবার।
চাউম্যানের ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী বলেন, “গত বছর এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। সেই সাফল্যই আমাদের দ্বিতীয় সংস্করণে আরও বড় পরিকল্পনা করতে উৎসাহ দিয়েছে। প্রতিটি দেশের ঐতিহ্যবাহী রান্নার স্বাদ এবং মান বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হয়েছে।” তাঁর মতে, এটি কেবল একটি আয়োজন নয়, বরং ভোজনরসিকদের জন্য এশিয়ার বিভিন্ন প্রান্তের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক মহা সুযোগ।
কবে ও কোথায়?
৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে গোটা মাসজুড়ে। কলকাতা তো বটেই, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের সমস্ত আউটলেটেও এই বিশেষ মেনু মিলবে। দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরাসরি রেস্তোরাঁয় গিয়েই এই খাবারের স্বাদ নেওয়া যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ পদগুলি মূলত রেস্তোরাঁয় বসে খাওয়ার (ডাইন-ইন) জন্যই বরাদ্দ করা হয়েছে।
শহরের ভোজনরসিকদের মন জয় করতে বিদেশের নানা মশলা ও উপকরণের ব্যবহারে তৈরি এই পদগুলি ইতিমধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বিদেশের স্বাদ পৌঁছে দিতেই চাউম্যানের এই অভিনব উদ্যোগ। তাই ছুটির দিনে বা কাজের ফাঁকে একটু অন্যরকম স্বাদের খোঁজে ঢুঁ মারতেই পারেন এই উৎসবে।
