পশ্চিম এশিয়ায় ঘনীভূত যুদ্ধ পরিস্থিতির মেঘ ইতিমধ্যে আছড়ে পড়েছে সাধারণ মানুষের হেঁশেলে। জ্বালানির বিশ্বজনীন সঙ্কটের জেরে দেশজুড়ে রান্নার গ্যাসের জোগানে টান (LPG Crisis) পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইন প্রয়োগ করেছে আগেই। এর ফলে ঘরোয়া ব্যবহার এবং হাসপাতালের মতো জরুরি পরিষেবায় অগ্রাধিকার দেওয়া হলেও, বেশ কিছু এলাকায় বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ সীমিত।
এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজতে বাঙালি পিছুপা নয়। এলপিজি সিলিন্ডারের হাহাকার মেটাতে এখন অনেকেরই তুরুপের তাস ‘ইন্ডাকশন কুকটপ’। বিদ্যুৎচালিত এই উনুনে খুব সহজেই তৈরি করে ফেলা যায় সাতটি পুষ্টিকর নিরামিষ পদ। কীভাবে রাঁধবেন? দেখে নিন।
উপমা
উপমা: কম সময়ে পুষ্টিকর খাবারের খোঁজে থাকলে উপমার জুড়ি নেই। কীভাবে রাঁধবেন? কড়াইতে সামান্য তেল বা ঘি দিয়ে সুজি ভেজে তুলে রাখুন। এবার সরষে, কারিপাতা, চিনেবাদাম ও কুচানো সবজি দিয়ে নাড়াচাড়া করে ভাজা সুজি মেশান। পরিমাণমতো গরম জল দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না জল শুকিয়ে ঝরঝরে হচ্ছে। ২০ মিনিটেই তৈরি এই জলখাবার।
সবজি ডালিয়া
সবজি ডালিয়া: স্বাস্থ্য সচেতনদের প্রথম পছন্দ সবজি ডালিয়া। ডালিয়া ও মুগ ডাল হালকা ভেজে ধুয়ে নিন। ইন্ডাকশন কুকারে তেল গরম করে জিরে ফোঁড়ন দিয়ে গাজর, কড়াইশুঁটি ও বিনস ভাজুন। এবার ডালিয়া, নুন, হলুদ ও জল দিয়ে দুটি সিটি দিলেই তৈরি পুষ্টিকর এই পদ।
মশলা খিচুড়ি: চাল, ডাল আর সবজি দিয়ে তৈরি এক পাত্রের এই রান্নাটি ইন্ডাকশনে করা সবচেয়ে সহজ। চাল ও ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। কুকারে ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোঁড়ন দিন। সবজি ও মশলা দিয়ে কষিয়ে চাল-ডাল মিশিয়ে দিন। পরিমাণমতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। ইন্ডাকশনে এই এক-পাত্রের রান্না সবচেয়ে সুবিধাজনক।
ভেজিটেবল পোলাও
ভেজিটেবল পোলাও: দুপুরের ভোজ বা অতিথিদের আপ্যায়নে পোলাওয়ের বিকল্প নেই। বাসমতি চাল আধঘণ্টা ভিজিয়ে জল ঝরিয়ে রাখুন। পাত্রে ঘি গরম করে কাজু, কিশমিশ ও সবজি ভাজুন। চাল মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে দ্বিগুণ পরিমাণ গরম জল ও নুন দিন। ঢাকা দিয়ে কম তাপে ১০-১৫ মিনিট রাখলেই তৈরি সুগন্ধি পোলাও।
পনির ভুর্জি
পনির ভুর্জি: দ্রুত প্রোটিনের জোগান পেতে পনির ভুর্জি অনবদ্য। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কা কুচি দিয়ে কষান। এবার হাতের চাপে গুঁড়ো করা পনির ও সামান্য গরম মশলা দিয়ে নাড়াচাড়া করুন। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এটি যেমন প্রোটিন-সমৃদ্ধ, তেমনই দ্রুত তৈরি হয়।
বেসন চিল্লা: প্যানকেকের ভারতীয় সংস্করণ হল এই চিল্লা। বেসনের সঙ্গে জল মিশিয়ে একটি ঘন গোলা তৈরি করুন। এতে কুচানো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা ও নুন মেশান। ইন্ডাকশনের চাটু বা তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে গোলার মিশ্রণটি ছড়িয়ে দিন। দু’পিঠ লালচে করে ভাজলেই তৈরি মুচমুচে চিল্লা।
আলু জিরে
আলু জিরে: হাতে সময় কম থাকলে আলু জিরেই সেরা ভরসা। কড়াইতে তেল গরম করে প্রচুর পরিমাণে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। ডুমো করে কাটা সেদ্ধ আলু দিয়ে নুন, হলুদ ও আমচুর পাউডার মেশান। সামান্য ভাজা ভাজা হলেই তৈরি এই সুস্বাদু পদ।
গ্যাসের সমস্যা মিটে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবে তত দিন রসনা তৃপ্তিতে যাতে ভাঁটা না পড়ে, তার জন্য ভরসা থাকুক এই বৈদ্যুতিন বিপ্লবেই।
