shono
Advertisement
Healthy Laddu Recipe

চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু

এই লাড্ডু তৈরিতে একদানাও চিনির দরকার নেই! দরকার নেই গুড়েরও। অথচ তাতে এর মিষ্টতায় মোটেই তফাৎ হবে না!
Published By: Utsa TarafdarPosted: 04:28 PM Aug 10, 2026Updated: 04:44 PM Aug 10, 2026

চিনি-গুড় খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের হাজার বারণ থাকেই, কিন্তু তাতে কি আর মিষ্টি খাওয়ার ইচ্ছে সংবরণ করা যায়? এমন মনকেমনের মুহূর্তে কাজে দেবে এই ঘরোয়া বিকল্প। সহজ রেসিপি মানলেই তৈরি হয়ে যাবে এমন লাড্ডু (Healthy Laddu Recipe), যা একাধারে সুস্বাদু ও স্বাস্থ্যকর। এতে রয়েছে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। তাই যারা মেদ ঝরানোর চেষ্টা করছেন, এই লাড্ডু তাঁদের জন্যও একেবারে উপযুক্ত। সবচাইতে গুরুত্বপূর্ণ যা, তা হল এই লাড্ডু তৈরিতে একদানাও চিনির দরকার নেই! দরকার নেই গুড়েরও। অথচ তাতে এর মিষ্টতায় মোটেই তফাৎ হবে না!

Advertisement

জেনে নেওয়া যাক গ্রিন মুগ লাড্ডু তৈরিতে কী কী উপাদানের প্রয়োজন।
• ১ কাপ গ্রিন মুগ ডাল (৫–৬ ঘণ্টা ভেজানো)
• ৩ টেবিলচামচ আমন্ড (ভাঙা)
• ৩ টেবিলচামচ কাজুবাদাম (ভাঙা)
• ৩ টেবিলচামচ আখরোট (ভাঙা)
• ২ টেবিলচামচ পেস্তা (ভাঙা)
• ২ টেবিলচামচ কুমড়োর বীজ
• ২ টেবিলচামচ সূর্যমুখীর বীজ
• ১ টেবিলচামচ চিয়া সিড
• ১ টেবিলচামচ তিসি
• ২ টেবিলচামচ কিশমিশ (কুচানো)
• ৮–১০টি খেজুর (বীজ বাদ দিয়ে কুচি করা)
• অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
• ২ টেবিলচামচ ঘি

কীভাবে বানাবেন?

ভেজানো সবুজ মুগ ডালের জল সম্পূর্ণ ঝরিয়ে নিন। ফ্রায়িং প্যানে মাঝারি আঁচে শুকনো খোলায় ডাল ভেজে নিন। বারবার নাড়তে হবে, যতক্ষণ না ডাল সম্পূর্ণ শুকিয়ে তা থেকে হালকা সুগন্ধ বের হয়। এরপর নামিয়ে ঠান্ডা হয়ে এলে, মিক্সারে গুঁড়ো করে নিন। একেবারে মিহি গুঁড়ো করবেন না।

ফ্রায়িং প্যানে আমন্ড, কাজুবাদাম, আখরোট, পেস্তা, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ও তিসি কম আঁচে শুকনো খোলায় ভেজে নিন। একেবারে শেষে চিয়া সিড দিন। বাদাম ও বীজ যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা হলে একইভাবে মিক্সারে গুঁড়ো করে নিন। খুব মিহি যেন না হয়, সেদিকে লক্ষ রাখুন।

পাত্রে ঘি গরম করে কুচি করা খেজুর ও কিশমিশ দিন। কম আঁচে প্রায় ২–৩ মিনিট নাড়তে হবে। নরম হয়ে একসঙ্গে মিশতে শুরু করলে আঁচ বন্ধ করে দিন। এই মিশ্রণের মধ্যেই ভাজা মুগ ডাল, বাদাম ও বীজ দিয়ে দিন। এলাচ গুঁড়ো যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।

মিশ্রণটি সামান্য ঠান্ডা হলেই, অল্প অল্প করে মিশ্রণ নিয়ে দুই হাতের তালুর মধ্যে চেপে গোল করে লাড্ডুর আকার দিন। একেবারে ঠান্ডা হলে আঠাল হয়ে আসবে, তখন আর লাড্ডু তৈরি করা যাবে না। প্রয়োজনে সামান্য ঘি মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেলে লাড্ডুগুলো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। স্ন্যাকস হিসেবে অথবা খাবারের পর মিষ্টি হিসেবে উপভোগ করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement