shono
Advertisement
Ragi samosa

পছন্দের সিঙাড়া খেলেই অম্বল? ময়দা নয়, বাড়িতে বানিয়ে নিন এইভাবে

ধোঁয়াওঠা দুধ-চা অথবা টক-মিষ্টি চাটনির সঙ্গে অসামান্য লাগে রাগী সিঙাড়ার স্বাদ।
Published By: Utsa TarafdarPosted: 09:48 AM Jul 05, 2026Updated: 09:48 AM Jul 05, 2026

হুটপাট বৃষ্টি হলে এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে কার না মন চায়? বিশেষ করে সিঙাড়া খেতে অনেকেই ভালোবাসেন এ সময়। কিন্তু ময়দার তৈরি হওয়ায়, ইচ্ছে হলেও অনেক সময়েই বাদ দিতে হয় সিঙাড়া। কারণ খাওয়া মানেই হজমের সমস্যা, বুকজ্বালা!
তবে জানেন কি, সত্যিকারের সিঙাড়াপ্রেমী হলে ময়দা ছাড়াও বানিয়ে নিতে পারেন অন্য উপায়ে। এই স্বাস্থ্যকর রেসিপিতে ব্যবহার করা হয়েছে পুষ্টিগুণে ভরপুর রাগীর (Ragi samosa), যা সিঙাড়ার স্বাদে অন্য মাত্রা নিয়ে আসে, সঙ্গে আরও বেশি পুষ্টিকর করে তোলে।

Advertisement

রাগীতে বিপুল পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ও বিভিন্ন প্রয়োজনীয় ধরনের মিনারেল রয়েছে। পরিশোধিত ময়দার তুলনায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। আর শরীরের ক্ষতিও হয় না। তাছাড়া এতে সিঙাড়ার স্বাদ এমন কিছু বদলায় না।

সিঙাড়ার ডো তৈরির জন্য প্রয়োজন—
• ১ কাপ রাগীর আটা
• তিন চা-চামচ ময়দা (ডো বসানোর জন্য)
• ১ চা-চামচ গোটা জিরে
• ১ চা-চামচ মৌরি
• স্বাদমতো লবণ
• ১ টেবিলচামচ তেল

ভিতরের পুরের জন্য প্রয়োজন—
• ১ কাপ সেদ্ধ ও চটকানো আলু
• অর্ধেক কাপ সবুজ মটরশুঁটি
• ১টি পেঁয়াজ কুচি
• ৩টি কাঁচা লঙ্কা কুচি
• ১ চা-চামচ জিরে
• অর্ধেক চা-চামচ হলুদ গুঁড়ো
• ২ চা-চামচ তেঁতুলের রস
• স্বাদমতো লবণ
• তেল

ধাপ ১:
প্যানে সামান্য তেল গরম করে জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর হলুদ গুঁড়ো, লবণ, সেদ্ধ আলু ও মটরশুঁটি দিয়ে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট নাড়তে হবে। শেষে তেঁতুলের রস দিয়ে আবার নেড়ে নামিয়ে ঠান্ডা হতে দিন।

ধাপ ২:
একটি বড় পাত্রে রাগীর আটা, ময়দা, জিরে, মৌরি, লবণ ও তেল একসঙ্গে মিশিয়ে নিন। তেল সামান্য গরম করে নেওয়া যায়, এতে ডো ভালোভাবে বসে। অল্প অল্প করে জল দিয়ে মেখে ডো নরম ও মসৃণ করে নিন। এরপর ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন।

ধাপ ৩:
ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। মাঝখান থেকে কেটে দুটি ভাগ করুন। দুটি অংশই ফানেলের মতো আকারে মুড়িয়ে, তাতে আলুর পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়।

ধাপ ৪:
কড়াইয়ে তেল গরম করুন। মাঝারি আঁচে সিঙাড়াগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি কিংবা ধোঁয়াওঠা এক কাপ মশলা চায়ের সঙ্গে পরিবেশন করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement