চাঁদিফাটা রোদে নাজেহাল অবস্থা আমজনতার। ঘর থেকে বেরতে না বেরতেই গদলঘর্ম দশা। গরমে কার্যত একই অবস্থা চারপেয়েদেরও। মুখে বলতে না পারলেও ওদের কষ্টও কিন্তু একবিন্দু কম নয়। তাই এই দাবদাহের মাঝে কুকুরদের খানিকটা স্বস্তি দিতে শুধু বেশি করে জল দেওয়াই যথেষ্ট নয়। সেই সঙ্গে খাবারের তালিকায় যুক্ত করতে পারেন শসা, তরমুজের মতো কিছু ফল যা শরীর ঠান্ডা করে। চলুন আজ জেনে নেওয়া যাক এই গরমে চারপেয়েদের শরীর ঠান্ডা রাখতে অব্যর্থ কোন কোন খাবার।
১. প্রায় প্রতিদিনই বাড়ির চারপেয়েদের খাবারে থাকে চিকেন। হ্যাঁ, অবশ্যই তা স্রেফ হলুদ দিয়ে সেদ্ধ করা। প্রোটিন প্রয়োজন তাই গরম পড়লেও চিকেন বাদ দেবেন কীভাবে, তা ভাবেন অনেকেই। বদলে দিন মাছ, হাঁস বা খরগোশের মাংস।
২. গরমে শরীর ঠান্ডা রাখতে অব্যর্থ স্কোয়াশ ও শসা। হজমও হয় সহজে। তাই দিতে পারেন এই ফল। তবে হ্যাঁ, আপনার পোষ্যের এই ফলে কোনওরকম অ্যালার্জি আছে কি না, তা জেনে তবেই দেবেন।
৩. দুপুরে দিতে পারেন দই ভাত। শুধু দইও দিতে পারেন। কিন্তু অনেক কুকুরের ক্ষেত্রেই দেখা যায়, দুগ্ধজাত খাবার হজম হয় না। তা বুঝে দেবেন। অন্যথায় অসুস্থ হয়ে পড়তে পারে পোষ্য।
৪. পোষ্যরা ফল খেতে বরাবরই ভালোবাসে। এই গরমে ওদের দিন তরমুজ। তবে অবশ্যই দানা ছাড়িয়ে দেবেন। এছাড়া অল্প পরিমাণে আপেলও দিতে পারেন।
৫. এই গরমে চেষ্টা করুন ভাত এড়িয়ে যাওয়ার। পরিবর্তে দিন বার্লি অথবা মিলেট।
\
৬. মৌরি হজমে সাহায্য করে এবং শরীরকে শীতল রাখে। ১ কাপ ফুটন্ত জলে ১ চা চামচ মৌরি দিয়ে পানীয় তৈরি করুন। তারপর তা ঠান্ডা করে নিন। এবার ছোট আকৃতির কুকুরদের দিনে ১ চামচ করে দিন। মাঝারিদের দিন ২-৩ চামচ। বড় আকারের কুকুরদের দিন ৪ থেকে ৫ চামচ।
