কোনটা খেলে পুষ্টি হবে, আর কোনটা নয় - তা বোঝে না খুদেরা। তারা বোঝে শুধু স্বাদ। তাই সবজি দেখলেই নাক সিঁটকোয় খুদেরা। আর তার ফলে স্বাস্থ্যে ঘাটতি। সমস্যায় পড়েন বহু বাবা-মা। বকাঝকা করে কোনও লাভ নেই। তার পরিবর্তে সুকৌশলে তাকে সবজি খাওয়ানো সম্ভব। আপনার জন্য রইল কয়েকটি রঙিন রেসিপির খোঁজ। যে খাবারগুলি দেখলেই জিভে জল আসবে আপনার সন্তানের।
সবজি পরোটা
উপকরণ
ময়দা/আটা
পনির
গাজর
বিট
ক্যাপসিকাম
দই/আচার
প্রণালী
পনির-সহ অন্যান্য সবজি ঝিরিঝিরি করে কেটে নিন। এবার ময়দার সঙ্গে ওই সবজি এবং পনির দই দিয়ে ভালো করে মেখে নিন। গোল গোল করে লেচি কেটে নিন। পারলে মাখন দিয়ে ভেজে নিন। ফাইবার সমৃদ্ধ পরোটা খুদের মন ও পেট দুইই ভরাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ভেজি ইডলি
উপকরণ
চালের গুঁড়ি
গাজর
মটরশুটি
প্রণালী
চালের গুঁড়ির সঙ্গে গাজর, মটরশুটি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি দিয়ে তৈরি করুন ইডলি। খুদেকে নারকেলের চাটনি কিংবা টমেটো শস দিয়ে পরিবেশন করুন। প্রোটিন সমৃদ্ধ এই খাবার যে খুদে চেটেপুটে খাবে।
সবজি উপমা
উপকরণ
চিঁড়ে
বিনস
গাজর
কড়াইশুটি
ক্যাপসিকাম
প্রণালী
সরু সরু করে কাটা সবজি প্রথমে ভেজে নিন। এবার কড়াইতে দিন চিঁড়ে। তা ভালো করে ভেজে নিন। অল্প নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তুলে নিন। স্কুলের টিফিনে এই খাবার দিলে খুদে খুশিই হবে।
রেনবো ভেজি স্যান্ডউইচ
উপকরণ
পাউরুটি
মাখন
টমেটো শস
শসা
ক্যাপসিকাম
টমেটো
গোলমরিচ গুঁড়ো
নুন
প্রণালী
খুব কম সময়ে বাড়িতে তৈরি করতে পারেন স্যান্ডউইচ। একটি পাত্রে শস এবং মাখনের মিশ্রণ তৈরি করুন। দু'টি পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিন। এবার তার মাঝে পাতলা করে কাটা শসা, ক্যাপসিকাম এবং টমেটো দিন। অল্প নুন, গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন। এভাবে সহজেই সবজি খাবে খুদে।
কর্ন অ্যান্ড স্পিনাচ কাটলেট:
উপকরণ
আলু সেদ্ধ
কর্ন
পালং শাক সেদ্ধ
ব্রেডক্র্যাম্বস
নুন
গোলমরিচ
টমেটো শস/মেয়োনিজ
প্রণালী
আলু ও পালং শাক সেদ্ধ প্রথমে চটকে মেখে নিন। তাতে কর্ন দিয়ে দিন। এবার পরিমাণমতো নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো শস অথবা মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নিন। এবার গোল মন্ড তৈরি করুন। ব্রেডক্র্যামস মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। শস দিয়ে খুদের মুখের সামনে দিয়ে দেখুন। মুখ ফেরাবে না তা হলফ করে বলা যায়।
ভেজি পাস্তা স্যালাড
উপকরণ
পাস্তা
টমেটো শস
ব্রোকোলি সেদ্ধ
সুইট কর্ন
নুন
গোলমরিচ
প্রণালী
পাস্তা ভালো করে সেদ্ধ করে নিন। ঠান্ডা হয়ে যাওয়ার পর পাস্তার সঙ্গে টমেটো শস মিশিয়ে নিন। তার সঙ্গে ব্রোকোলি সেদ্ধ, সুইট কর্ন মিশিয়ে নিন। স্বাদমতো নুন ও গোলমরিচ মিশিয়ে পরিবেশন করুন।
স্টাফড বেল পেপার্স
উপকরণ
ক্যাপিসকাম
পনির
কড়াইশুটি
গাজর
বিট
প্রণালী
একটি লাল রঙের ক্যাপসিকাম নিন। মুখ কেটে হালকা হাতে ভিতর থেকে দানা বের করে নিন। এবার ভিতরে সরু করে কাটা ক্যাপসিকাম, পনির, কড়াইশুটি, গাজর, বিট ঢুকিয়ে দিন। সঙ্গে দিন টমেটো শস। এবার হালকা আঁচে টস করে নিন ক্যাপসিকাম। রঙিন এই খাবার দেখে আর নিজেকে সামলাতে পারবে না খুদে।
