shono
Advertisement
Healthy Steamed Momo

ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো

স্বাদে সামান্য ফারাক থাকলেও স্বাস্থ্যগুণে কয়েক ধাপ এগিয়ে এই সব মোমো।
Published By: Utsa TarafdarPosted: 02:51 PM Sep 14, 2026Updated: 04:30 PM Sep 14, 2026

মোমোর প্রতি তুমুল টান, কিন্তু নিয়মিত ময়দার তৈরি এই খাবার খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে ভালো? চাইলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এমন মোমো (Healthy Steamed Momo), যার খোলস তৈরিতে একটুও ময়দার প্রয়োজন নেই। বরং ব্যবহার হবে স্বাস্থ্যকর বিকল্প।

Advertisement

১. আটার মোমো
ময়দার বদলে ডোয়ের জন্য নিন ১ কাপ আটা, অর্ধেক চা-চামচ নুন ও জল। পুরের জন্য লাগবে অর্ধেক কাপ করে কুচোনো বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, ১ চা-চামচ আদা কুচি, অর্ধেক চা-চামচ গোলমরিচ, তেল ও নুন।

আটা ও নুন মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত মসৃণ ডো তৈরি করুন। ১৫–২০ মিনিট ঢেকে রাখুন। প্যানে তেল গরম করে আদা ও সবজি হালকা ভেজে গোলমরিচ ও নুন মিশিয়ে নিন। ঠান্ডা হলে ডো থেকে ছোট লেচি কেটে, পাতলা করে বেলে পুর ভরে মোমোর আকারে গড়ুন। ১০–১২ মিনিট স্টিম করলেই রেডি। ঝাল ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করুন।

আটার মোমো।

২. রাগি মোমো
১ কাপ রাগির আটা, অর্ধেক কাপ গমের আটা, এক চিমটি নুন, জল। পুরের জন্য লাগবে ১ কাপ পনির কুচি, অর্ধেক কাপ করে গাজর, ক্যাপসিকাম, ১ চা-চামচ আদা, অর্ধেক চা-চামচ গোলমরিচ ও নুন।

রাগির আটা, গমের আটা ও নুন মিশিয়ে, জল দিয়ে মেখে ডো তৈরি করুন। প্যানে তেল গরম করে আদা ও সবজি হালকা ভেজে নিন। পনির ভেজে হাতের সাহায্যে গুঁড়ো করে নিন। গোলমরিচ ও নুন মিশিয়ে পুর তৈরি করুন। ডো ছোট ভাগে কেটে, বেলে, পুর ভরে মোমো তৈরি করুন। ১০–১২ স্টিম করলেই তৈরি। পছন্দের চাটনি সহকারে পরিবেশন করুন।

৩. মাল্টিগ্রেন মোমো
১ কাপ মাল্টিগ্রেন আটা, অর্ধেক চা-চামচ নুন ও প্রয়োজনমতো জল লাগবে ডো তৈরি করতে। পুরের জন্য ১ কাপ গুঁড়ানো পনির, অর্ধেক কাপ করে বাঁধাকপি ও গাজর কুচি, ১ চা-চামচ আদা, অর্ধেক চা-চামচ গোলমরিচ, তেল ও নুন লাগবে।

মাল্টিগ্রেন আটা ও নুন দিয়ে শক্ত ডো তৈরি করে প্রায় ২০ মিনিট ঢেকে রাখুন। অল্প তেলে আদা দিয়ে, বাঁধাকপি ও গাজর হালকা ভেজে পনির, গোলমরিচ ও নুন মিশিয়ে নিন। ডো বেলে, পুর ভরে মোমো তৈরি করে ১০–১২ মিনিট স্টিম করুন। ধনেপাতার চাটনির সঙ্গেও উপাদেয় খেতে লাগে।

রাগির মোমো।

৪. জোয়ার মোমো
নিয়ে নিন ১ কাপ জোয়ারের আটা, ২ টেবিলচামচ গমের আটা, এক চিমটি নুন ও প্রয়োজনমতো জল।
পুরের জন্য ১ কাপ কুচোনো সেদ্ধ মুরগির মাংস, অর্ধেক কাপ করে গাজর, বাঁধাকপি, ১ চা-চামচ আদা, অর্ধেক চা-চামচ গোলমরিচ ও নুন লাগবে।

জোয়ারের আটা, গমের আটা ও নুন মিশিয়ে, জল দিয়ে ডো তৈরি করুন। তেলে আদা দিয়ে, সবজি হালকা ভেজে কুচানো সেদ্ধ চিকেন, গোলমরিচ ও নুন নিন। হয়ে গেলে, পুর হিসেবে ভরে দিন জোয়ারের আটার তৈরির ডো-এর মধ্যে। ১০–১২ মিনিট স্টিম করে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement