shono
Advertisement
Chamomile Cake Recipe

ঘুমের ওষুধ ভুলে যান, শোয়ার আগে এই কেক খেতে পারলেই আসবে নিশ্চিন্তির ঘুম! রইল রেসিপি

ক্যামোমাইলে থাকা অ্যাপিজেনিন শরীরকে কিছুটা শান্ত হতে সাহায্য করে। রাতে একটি ছোট টুকরো ক্যামোমাইল কেকের সঙ্গে এক কাপ ক্যামোমাইল চা খেলেই যথেষ্ট।
Published By: Utsa TarafdarPosted: 05:44 PM Sep 03, 2026Updated: 06:07 PM Sep 03, 2026

রাতের পর রাত ঘুম আসে না! ডিনার টাইম এগিয়ে, ফোনের সঙ্গে দূরত্ব বাড়িয়ে, এমনকী চিকিৎসকের পরামর্শ নিয়েও কাজ হচ্ছে না। আবার ঘুমের ওষুধ রোজ রোজ খাওয়াও শরীরের পক্ষে ক্ষতিকারক। কী করা যায় এমতাবস্থায়? ডায়েটেশিয়ানরা জানাচ্ছেন, রোজের খাদ্যতালিকায় এক ছোট্ট বদল আনলে এই ছবি বদলাতে পারে। তাঁদের মতে, কঠিন কিছু নয়, বরং মিষ্টিমুখ করতে পারলেই জম্পেশ ঘুম আসবে রাতে!

Advertisement

বিশ্বাস হচ্ছে না? তাহলে জেনে নিন ক্যামোমাইল কেক বানানোর রেসিপি (Chamomile Cake Recipe)। তবে তরিবৎ করে একগাদা খেলে হবে না। রাতের খাবারের পর একেবারে অল্প পরিমাণে খেতে হবে। আর মনে রাখতে হবে যে এটা ঘুমের চিকিৎসা নয়; বরং এমন এক আরামদায়ক খাবার, যা শরীর মনকে প্রশান্তি দেয়। ফলে ঘুম আপনা থেকেই হয় গভীর।

কেক বানানোর জন্য প্রয়োজন—
• শুকনো ক্যামোমাইল ফুল ৬ টেবিলচামচ/৬টি ক্যামোমাইল টি-ব্যাগ (অনলাইন গ্রোসারি অ্যাপে পেয়ে যাবেন)
• ফুল-ক্রিম দুধ ১ কাপ
• কয়েক টুকরো পাতিলেবুর খোসা
• মাখন (সল্টেড) আধা কাপ
• চিনি ৩/৪ কাপ
• মধু ২ টেবিলচামচ
• বড় ডিম ২টি
• ভ্যানিলা এক্সট্র্যাক্ট ২ চা-চামচ
• গ্রিক ইয়োগার্ট আধা কাপ
• ময়দা ২ কাপ
• মিল্ক পাউডার ১/৪ কাপ
• বেকিং পাউডার ২ চা-চামচ
• বেকিং সোডা আধা চা-চামচ
• নুন ৩/৪ চা-চামচ
• এলাচ গুঁড়ো ১/৪ চা-চামচ
• দারুচিনি গুঁড়ো ১/৪ চা-চামচ

অল্প আঁচে দুধ গরম করুন। তাতে ফেলে দিন শুকনো ক্যামোমাইল ফুল ও লেবুর খোসা। টি-ব্যাগ ব্যবহার করলে প্রায় ২০ মিনিট দুধে ভিজিয়ে রাখুন। এরপর ছেঁকে ঠান্ডা করে নিন।

অন্যদিকে মাখন গলিয়ে, হালকা বাদামি হওয়া পর্যন্ত গরম করুন। সুবাস বেরোলে নামিয়ে, ঠান্ডা হতে দিন। চিনি ও মধু ফেটিয়ে তার মধ্যে ডিম, ভ্যানিলা, ইয়োগার্‌ট, গলানো মাখন মেশান। ক্যামোমাইল মেশানো দুধও মেশাতে থাকুন অল্প অল্প করে।

একটি পাত্রে সমস্ত শুকনো উপকরণ যেমন ময়দা, মিল্ক পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, এলাচ ও দারুচিনি মিশিয়ে রাখুন। এবার অন্য পাত্রের মাখো মাখো মিশ্রণটির সঙ্গে এটাও মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

বেকিং প্যানে মাখন মাখিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর সমানভাবে ব্যাটার ঢেলে ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৩০–৩২ মিনিট বেক করে নিলেই তৈরি।

ঘুমের সঙ্গে এর সম্পর্ক কোথায়?
ক্যামোমাইলে থাকা অ্যাপিজেনিন শরীরকে কিছুটা শান্ত হতে সাহায্য করে। রাতে এক টুকরো ক্যামোমাইল কেকের সঙ্গে এক কাপ ক্যামোমাইল চা খেলেই যথেষ্ট। যদিও একদিনেই কাজ হবে তা নয়, নিয়মিত এই অভ্যাস করতে পারলে শরীরে প্রশান্তি আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement