পাড়ার বাজার হোক বা শহরের ফল মার্কেট, সব খানেই চোখ টানছে পাকা আম। আজ্ঞে হ্যাঁ, ইতিমধ্যেই পাকা আমের গন্ধে ম ম করছে চারপাশ। আর ফলের রাজার উপস্থিতিতে বাঙালির অন্দরমহলে এই ভোটের বাজারেও আলাদা করে উৎসবের মেজাজ। বুধবার পয়লা বৈশাখ। নববর্ষের প্রারম্ভে কাছের মানুষদের সঙ্গে মেতে উঠতে নানা পরিকল্পনা, সাজপোশাক, আহার তো রয়েছেই। আর দিনটিকে আরও স্পেশাল করে তুলতে রইলো আম দিয়ে তৈরি তিন মিষ্টান্নের (Mango Desserts Recipe) সেরা হদিশ।
ছবি: সংগৃহীত
আম সন্দেশ
উপকরণ:
কাজু বাদাম ১ কাপ।
গুঁড়ো দুধ ২ টেবিল চামচ।
আমের ক্বাথ ১ কাপ। চিনি ১/৪ কাপ।
ঘি ১ টেবিল চামচ।
এলাচগুঁড়ো (সামান্য)।
প্রণালী:
কাজু ও আমের ক্বাথ একসঙ্গে বাটুন। কড়াইতে ঘি গরম করুন। ওই পেস্ট দিয়ে ক্রমাগত নাড়ুন। মিশ্রণে গুঁড়ো দুধ ও চিনি মেশান। এলাচগুঁড়ো দিয়ে পাক দিতে থাকুন। মিশ্রণটি কড়াই ছেড়ে এলে নামিয়ে নিন। সামান্য ঠান্ডা হলে পছন্দমতো আকার দিন। ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে সাজান।
ছবি: সংগৃহীত
পাকা আমের পায়েস
উপকরণ:
পোলাওয়ের চাল ১/৪ কাপ।
পাকা আমের ক্বাথ (আধ কাপ)।
দুধ ১ লিটার।
চিনি পৌনে ১ কাপ।
নুন (সামান্য)।
এক চিমটি এলাচগুঁড়ো।
প্রণালী:
চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে চাল আধ ভাঙা করে নিন। দুধে চাল মিশিয়ে জ্বাল দিন। অনবরত নাড়তে থাকুন। চাল সিদ্ধ হলে চিনি ও নুন দিন। আমের ক্বাথ ব্লেন্ড করে ছেঁকে নিন। পায়েস ঘন হয়ে এলে এলাচগুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর ঠিক আগে আমের ক্বাথ মেশান। একবার ফুটে উঠলেই তৈরি পায়েস।
ছবি: সংগৃহীত
আম দই
উপকরণ:
আমের ক্বাথ ১ কাপ।
জল ঝরানো দই পৌনে ১ কাপ।
তরল দুধ দেড় লিটার।
গুঁড়ো দুধ ১/৪ কাপ। চিনি ১/৪ কাপ।
ক্যারামেলের জন্য ২ চামচ চিনি।
প্রণালী:
দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন। এতে গুঁড়ো দুধ ও চিনি মেশান। আলাদা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করুন। সেটি দুধের সঙ্গে মিশিয়ে দিন। দুধ ঈষদুষ্ণ হলে আমের ক্বাথ ও দই মেশান। মাটির বা সিরামিকের পাত্রে মিশ্রণটি ঢালুন। ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। ওভেন বন্ধ করে দইয়ের পাত্রটি ঢেকে ভেতরে রাখুন। সাত-আট ঘণ্টা পর বের করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
