shono
Advertisement
Paraguay Football

ডার্বি ঘিরে যুদ্ধক্ষেত্র স্টেডিয়াম! বোতলে মূত্র ভরে আক্রমণ, মারামারিতে আহত ৫০ সমর্থক

গ্যালারিতে টিয়ার গ্যাস ও পরে রবারের গুলি ছুড়তে শুরু করে পুলিশ। তাতে সমর্থকরা মাঠে নেমে এসে পুলিশেরই নাক ফাটিয়ে দেন। মারামারির ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published By: Arpan DasPosted: 12:27 PM Apr 21, 2026Updated: 12:27 PM Apr 21, 2026

দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই টানটান উত্তেজনা, দুই দলের সমর্থকদের বিবাদ। সেখান থেকে রক্তারক্তি কাণ্ডও নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নাম জুড়ল প্যারাগুয়ের প্রিমেরা ডিভিশনের 'সুপারক্লাসিকো'র। রবিবার রাজধানী আসুনসিওনের ডেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অলিম্পিয়া ও সেরো পোর্তেনোর ম্যাচ বন্ধ হয়ে গেল ২৯ মিনিটের মাথায়। মারামারিতে আহত হলেন অন্তত ৫০ জন। পুলিশ আপাতত গ্রেপ্তার করেছে ৬০ জনকে।

Advertisement

লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা দল অলিম্পিয়া ও সেরো পোর্তেনো। আসুনসিওন শহরের দুই ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা থাকেই। সোমবার যথাসময়ে শুরু হয়েছিল 'সুপারক্লাসিকো'। এদিকে মাঠের বাইরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। পুলিশের মতে সেরো পোর্তেনোর সমর্থকরা টিকিট ছাড়াই জোর করে মাঠে ঢুকে পড়েন। এরপর নিজেদের গ্যালারি থেকে বিপক্ষ সমর্থকদের উদ্দেশ্য করে আতশবাজি ছুড়তে থাকে তারা। এখানেই শেষ নয়। পুলিশের দাবি, বোতলে মূত্র ভরে সেগুলোও অলিম্পিয়ার গ্যালারির দিকে ছোড়া শুরু হয়। যা নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও পরে রবারের গুলি ছুড়তে শুরু করে। তাতে অবস্থা হাতের বাইরে চলে যায়। ম্যাচের ২৯ মিনিটের মাথায় সেরো পোর্তেনো সমর্থকরা দল বেঁধে মাঠে নেমে এসে পালটা পুলিশকে আক্রমণ করা শুরু করে। এক পুলিশকর্মীর নাক ফাটে, আরেক পুলিশকর্মীর মুখে একাধিকবার আঘাত করা হয়। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। দু'জনেরই অস্ত্রোপচার করতে হবে। সব মিলিয়ে ৬ জন পুলিশ আহত হয়েছে বলে খবর। এদিকে গ্যালারি তখন ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

সব মিলিয়ে ৫০ জন আহত হয়েছেন। মারামারির ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাদের মাধ্যমে ঝামেলার সূত্রপাত, তা তদন্ত করা হচ্ছে। যাতে ভবিষ্যতে তাঁদের স্টেডিয়াম থেকে নির্বাসিত করা যায়। ৪০ হাজার দর্শক আগত এই ম্যাচে তখনও কোনও দল গোল করতে পারেনি। হোম ম্যাচ ছিল অলিম্পিয়ার। সেরো পোর্তেনোর বক্তব্য, নিরাপত্তার দায়িত্ব ছিল অলিম্পিয়ার। তাই ম্যাচ বাতিল হলে পয়েন্ট সেরো পোর্তেনোর প্রাপ্য। অন্যদিকে অলিম্পিয়ার দাবি, যেহেতু সেরো পোর্তেনোর সমর্থকদের জন্য ঝামেলা শুরু, তাই তাদের ৩ পয়েন্ট প্রাপ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement