shono
Advertisement
Lionel Messi

রোনাল্ডোর পথেই মেসি, বার্সেলোনার ক্লাব কিনলেন এলএম ১০, এবার কি মুখোমুখি দুই দল?

ফেব্রুয়ারিতে ফুটবলকে ভালোবেসে বিরাট ঘোষণা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার অনেকটা সেই পথে হেঁটে বড় ঘোষণা মেসিও। এর সঙ্গে মালিকানার জগতে পা রাখলেন এলএম১০। 
Published By: Prasenjit DuttaPosted: 07:11 PM Apr 17, 2026Updated: 08:30 PM Apr 17, 2026

ফেব্রুয়ারিতে ফুটবলকে ভালোবেসে বিরাট ঘোষণা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউনিয়ন দে পোর্তিভা আলমেইরার ২৫ শতাংশ শেয়ার কিনেছিলেন সিআর৭। এবার সেই পথ অনুসরণ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। এবার সেই শহরেই ফুটবল ক্লাব কিনলেন। এর সঙ্গে মালিকানার জগতে পা রাখলেন এলএম১০। স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলার সম্পূর্ণ মালিকানা কিনে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

Advertisement

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বায়াক্স লোব্রেগাত অঞ্চলের এই দলের নতুন মালিক এখন মেসি। স্থানীয় পর্যায়ে প্রতিভা গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবেই এই বিনিয়োগ করেছেন তিনি। এই ক্লাব থেকেই থেকেই উঠে এসেছেন জর্দি আলবা, জেরার্ড মার্টিন, ডেভিড রায়ার মতো তারকা ফুটবলার। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির আগমনে ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কর্নেলা অতীতে বেশ কিছু চমক দেখিয়েছে। ২০১৩-১৪ মরশুমে তৃতীয় স্তরের লিগ সেগুন্দা ডিভিশন ‘বি’তে খেলেছিল। ২০২১ সালের কোপা ডেল রে'তে অ্যাটলেটিকোকে হারিয়ে আলোচনায় আসে তারা। বর্তমানে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে দলটি। ক্লাব মালিকানায় এটিই মেসির প্রথম পদক্ষেপ নয়। আগে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব পরিচালনা শুরু করেছিলেন তিনি। পাশাপাশি, তরুণ প্রতিভার বিকাশে 'মেসি কাপ' নামের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টও চালু করেছেন।

পিএসজি এবং ইন্টার মায়ামিতে যাওয়ার আগে বার্সেলোনায় মেসির সময়টা ছিল ইতিহাসগড়া। কাতালুনিয়া ক্লাবের জার্সিতে ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করে গড়েছেন অনন্য রেকর্ড। জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ অসংখ্য ট্রফি। এবার সেই শহরের ক্লাবে পুরো ১০০ শতাংশ স্বত্ব কিনলেন মেসি। প্রশ্ন হল, মেসির ক্লাব কি রোনাল্ডোর কেনা দলের সঙ্গে মুখোমুখি হবে? উত্তর হল, কোপা দেল রে-তে মুখোমুখি হতে পারে দুই দল। অথবা উন্নতি করতে করতে যদি দুই ক্লাব একই ডিভিশনে আসে, তাহলেও দুই দল মুখোমুখি হতে পারবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement