shono
Advertisement
UFFA Champions League

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় বার্সা-লিভারপুলের, কোয়ার্টারে মুখোমুখি কারা?

চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের রাত যেন গোলের উৎসব। এফসি বার্সেলোনা এবং লিভারপুল উড়িয়ে দিল প্রতিপক্ষকে। জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও।
Published By: Prasenjit DuttaPosted: 12:32 PM Mar 19, 2026Updated: 12:32 PM Mar 19, 2026

চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের রাত যেন গোলের উৎসব। এফসি বার্সেলোনা এবং লিভারপুল উড়িয়ে দিল প্রতিপক্ষকে। দাপুটে জয়ে তারা নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট। জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। শেষ আটে তাদের সামনে রিয়াল মাদ্রিদ। 

Advertisement

ক্যাম্প ন্যু-তে সাত গোলের ঝড় তোলে বার্সেলোনা। নিউক্যাসল ইউনাইটেডকে ৭-২ গোলে বিধ্বস্ত করল কোচ হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ দাপট দেখায় কাতালানরা। জোড়া গোল করেন রাফিনহো এবং রবার্ট লেওয়ানডস্কি। বাকি গোলগুলি ইয়ামাল, লোপেজ, বার্নালের। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ক্লাবের ঝড়ের সামনে ভেঙে পড়ে নিউক্যাসলের রক্ষণ। ম্যাচ শেষে ফ্লিক বলেন, "দ্বিতীয়ার্ধে দলের যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলল, তা সত্যিই চোখে পড়ার মতো।" উল্লেখ্য, প্রথম পর্বের ম্যাচ ১-১ ড্র হওয়ার পর দ্বিতীয় পর্বে কাতালানদের দাপুটে ফুটবল ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত গড়ে লিভারপুল। প্রথম লেগে ০-১ গোলে পিছিয়ে পড়ার পর গালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে দেন আরেন্ড স্লটের শিষ্যরা। পেনাল্টি মিস করলেও পরে দু'টি অ্যাসিস্ট ও একটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেন মহম্মদ সালাহ। বাকি তিনটি গোল ডোমিনিক সোবোজলাই, হুগো একিটাইক, ফ্লোরিয়ান রিৎজের। ম্যাচ শেষে স্লট বলেন, "শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঠিক সেই ফুটবলটাই খেলেছি, যা আমি, খেলোয়াড়রা এবং সমর্থকেরা আশা করেছিলাম।"

অন্যদিকে, টটেনহ্যাম ৩-২ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। তবে সব মিলিয়ে ৫-৭ ব্যবধানে হেরে ছিটকে গিয়েছে তারা। কোয়ার্টারে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মিউনিখে একতরফা আধিপত্য দেখায় বায়ার্ন মিউনিখ। আটলান্টাকে ৪-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১০-২ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। দুই গোল করেন হ্যারি কেন। কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছে মহারণ। রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, "এমন ম্যাচের জন্যই প্রতিটি ক্লাব বাঁচে। নিরপেক্ষ দর্শক হিসাবেও আমি এই লড়াই দেখতে চাই।"

কোয়ার্টারের সূচি
রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ (৭ এবং ১৫ এপ্রিল)
আর্সেনাল বনাম স্পোর্টিং লিসবন (৭ এবং ১৫ এপ্রিল)
বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ (৮ এবং ১৪ এপ্রিল)
পিএসজি বনাম লিভারপুল (৮ এবং ১৪ এপ্রিল)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement