shono
Advertisement

Breaking News

UEFA Champions League

ভিনির জোড়া গোলে সিটিকে উড়িয়ে দিল রিয়াল, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি-আর্সেনালও

গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জাঁর কাছে দু'লেগ মিলিয়ে ৮ গোল হজম করল চেলসি। শেষ আটে পৌঁছে গেল আর্সেনালও। অনবদ্য কামব্যাক করে পরের রাউন্ডে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবন।
Published By: Arpan DasPosted: 09:15 AM Mar 18, 2026Updated: 09:21 AM Mar 18, 2026

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্পেনের ক্লাব। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জাঁর কাছে দু'লেগ মিলিয়ে ৮ গোল হজম করল চেলসি। শেষ আটে পৌঁছল আর্সেনালও। অনবদ্য কামব্যাক করে পরের রাউন্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবন।

Advertisement

প্রথম পর্বের ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলকে ৩-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের মাঠে ফিরতি ম্যাচে প্রথম দলে ছিলেন না কিলিয়ান এমবাপে, জুড বেলিংহামরা। কিন্তু ভিনিসিয়াস একাই একশো। একে তো গোলের পাহাড় টপকানোর চাপ, তার উপর ২০ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান সিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা। পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনি। ৪১ মিনিটে আর্লিং হালান্ড সমতা ফেরান। কিন্তু ১০ জনের সিটির পক্ষে আর কামব্যাক করা সম্ভব হয়নি। বরং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের গোল করেন ভিনি। সব মিলিয়ে রিয়াল জিতল ৫-১ গোলে।

অন্যদিকে দু'লেগ মিলিয়ে চেলসিকে ৮-২ গোলে হারাল পিএসজি। প্রথম লেগে ৫-২ গোলে এগিয়ে ছিল লুইস এনরিকের দল। ইংল্যান্ডে এসেও একতরফা ম্যাচ হল। ৬ মিনিটে চেলসি ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল করেন কিভিচা কাভারাস্কেইয়া। ঠিক ৮ মিনিট পরে ব্যবধান বাড়ান ব্র্যাডলি বারকোলা। ৬২ মিনিটে ৩-০ করেন সেনি মায়ুলু। চ্যাম্পিয়ন্স লিগে কখনও ২ লেগ মিলিয়ে ৮ গোল হজম করেনি চেলসি। নতুন কোচ লিয়াম রোজেনিওরের অধীনে লজ্জার রেকর্ডের পর দল ছাড়তে তৈরি এনজো ফার্নান্দেজের মতো তারকারা।

তবে ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল সহজেই হারাল বায়ার লেভারকুসেনকে। প্রথম পর্বের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। ঘরের মাঠে ২-০ গোলে জিতল আর্সেনাল। গোল করলেন এবারেচি এজে ও ডেক্লান রাইস। অন্যদিকে নাটকীয় ম্যাচে শেষে আটে উঠল স্পোর্টিং লিসবন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে একাধিক বড় ক্লাবকে হারিয়ে চমকে দিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। শেষ ষোলোর প্রথম পর্বে তারা লিসবনকে ৩-০ গোলে হারায়। কিন্তু ফিরতি পর্বে ৫ গোল হজম করল। নির্ধারিত সময়ের মধ্যে ৩ গোল করে লিসবন। অতিরিক্ত সময়ে বাকি দু'টি গোল করে শেষ আটে উঠল পর্তুগালের ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement