টি-২০ বিশ্বকাপের আগে ঠিক যে দাবি বাংলাদেশ করেছিল, এবার ফুটবল বিশ্বকাপের আগেও সেই একই দাবি করল ইরান। আমেরিকা নয়, নিজেদের ম্যাচগুলি তারা খেলতে চাইছে মেক্সিকো-তে। ইতিমধ্যেই ফিফার সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ইরানের ফুটবল সংস্থা। তবে ফিফার তরফে এখনও কোনও ইতিবাচক ইঙ্গিত মেলেনি বলেই খবর।
দিন কয়েক আগে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ খেলতে যাবে না ইরান। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাম্প ‘ট্রুথ’ সোশালে লিখে দেন, বিশ্বকাপ খেলতে এলে ইরানকে অভ্যর্থনা জানানো হবে। কিন্তু প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে কোনও রকম নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট লিখে দেন, ‘ইরান প্লেয়ারদের নিরাপত্তার কথা ভেবেই বলছি, এই সময়ে বিশ্বকাপ খেলতে আসা ঠিক হবে না ওদের পক্ষে।’
মার্কিন প্রেসিডেন্টের সেই প্রচ্ছন্ন হুমকির পর আবার অবস্থান বদলের ইঙ্গিত দেয় ইরান ফুটবল দল। ইরান ফুটবল দলের অফিসিয়াল হ্যান্ডেল থেকে বলা হয়, ইরান এখনও ফুটবল বিশ্বকাপ খেলতে চায়। আর ইরান খেলবে কি না, সেটা মার্কিন প্রেসিডেন্ট ঠিক করার কেউ নন। কারণ, ফুটবল বিশ্বকাপ ফিফা আয়োজিত টুর্নামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত নয়!
শোনা যাচ্ছে, এরপরই ইরান ফিফার কাছে আরজি জানায় তাঁদের ম্যাচগুলি সব আমেরিকা থেকে মেক্সিকো-তে সরিয়ে দেওয়া হোক। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা এই তিন দেশ মিলে হবে এবারের বিশ্বকাপ। ইরান নিজেদের যোগ্যতাতেই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। আগামী ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটেলে মিশরের সঙ্গে গ্রুপ পর্বের খেলা ছিল ইরানের। ইরান চাইছে তাঁদের গ্রুপের সব খেলায় সরিয়ে দেওয়া হোক মেক্সিকো-তে। কিন্তু সূত্রের খবর, ফিফা এই আর্জি মানবে না। কারণ এতেও সেই লজিস্টিকস সমস্যা। শেষ মুহূর্তে এত ম্যাচ এক দেশ থেকে আরেক দেশে সরানো কার্যত অসম্ভব বলে মনে করছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা।
