shono
Advertisement
FIFA World Cup

বিশ্বকাপের আগে ফের চোটের হানা ব্রাজিল শিবিরে, ছিটকে গেলেন আরও এক তারকা!

নেইমারকে খেলাতে হবে বিশ্বকাপে, দাবি তুললেন রোনাল্ডিনহো। রোনাল্ডিনহোর এই মন্তব্য যে ব্রাজিল কোচ আন্সেলোত্তির উপর চাপ বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Subhajit MandalPosted: 02:46 PM Apr 26, 2026Updated: 05:07 PM Apr 26, 2026

আসন্ন বিশ্বকাপের আগে আরও এক ধাক্কা ব্রাজিলের। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন। ফলে আরও দুশ্চিন্তা বাড়ল ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তির। রিয়াল সূত্রে জানানো হয়েছে, মিলিতাও এখনও বাঁ-পায়ের পেশির চোট থেকে মুক্ত হতে পারেননি। ইতিমধ্যেই তিনি রিয়ালের হয়ে মরশুমের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। এবং বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলিতাওয়ের পুরনো চোট ফিরে এসেছে। সম্ভবত তাঁর অস্ত্রোপচার হতে পারে। সেক্ষেত্রে মিলিতাওকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। শোনা যাচ্ছে, তাঁকে অন্তত ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। তেমন হলে তাঁর পক্ষে বিশ্বকাপে মাঠে নামা কার্যত অসম্ভব।

এদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর আশা করছেন, নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাবেন। সম্প্রতি তিনি বলেছেন, "আমি আশা করছি নেমার বিশ্বকাপে খেলবে। ও যদি ব্রাজিল দলে থাকলে ভালোই হবে। কারণ, ও ব্রাজিলকে সাহায্য করতে পারবে।"

রোনাল্ডিনহোর এই মন্তব্য যে ব্রাজিল কোচ আন্সেলোত্তির উপর চাপ বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেছেন, "এমনিতে আমার সঙ্গে নেমারের বন্ধুত্বের সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাধর ফুটবলার নেইমার।" তবে একইসঙ্গে একথাও তিনি জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ আন্সেলোত্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement