ডার্বির আগে ঘরোয়া লিগের (Calcutta Football League 2026) কালীঘাট এমএস ম্যাচে বিশাল কাইথ, শুভাশিস বোসদের মতো একঝাঁক সিনিয়র ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের জন্য নামিয়ে দিয়েছিলেন বাস্তব রায়। সেই ম্যাচটি আবার মোহনবাগান ভিভিআইপি বক্সে বসে দেখেছিলেন সিনিয়র দলের কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। ডার্বি জয় হয়ে গিয়েছে, মঙ্গলবার ফের ঘরোয়া লিগে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নামছে মোহনবাগান। এই ম্যাচে সিনিয়রদের বদলে বাস্তবের আস্থা সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ঘোষদের উপরই।
এদিন বিকালে সিনিয়র দলের অনুশীলন করলেন বিশাল কাইথ, শুভাশিস বোসরা। দিলেমপেরিস এদিন ফুটবলারদের ঘণ্টাখানেক ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর জোর দেন। তবে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না সায়ন, তন্ময়রা। জানা গিয়েছে কলকাতা লিগে খেলা ফুটবলাররা সকালে অনুশীলন করে গিয়েছে। লিগের শুরুটা ভালো করলেও মাঝে খিদিরপুরের কাছে আটকে গিয়েছিলেন সুহেল আহমেদ ভাটরা। যদিও শেষ ম্যাচে কালীঘাট এমএসের বিরুদ্ধে জয় এসেছে। এবার মঙ্গলবার তাদের সামনে ইউনাইটেড কলকাতা। যারা এই মুহূর্তে লিগ টেবলের পঞ্চম স্থানে রয়েছে। তবে এই ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুন শিবির।
মঙ্গলবার কলকাতা লিগে নামছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই টানা তিন ম্যাচ জিতেছেন জেসিন টিকেরা। মঙ্গলবার তাঁদের প্রতিপক্ষ পাঠচক্র। টানা চতুর্থ ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে যাওয়াই লক্ষ্য পিভি বিষ্ণুদের।
