shono
Advertisement
Mohun Bagan

সবুজ-মেরুন জার্সিতেও উজ্জ্বল সায়ন, পাঠচক্রকে উড়িয়ে কলকাতা লিগ শুরু মোহনবাগানের

বহুদিন পর ফ্লাডলাইটের আলোয় মোহনবাগান মাঠে ফিরল জমকালো সেই আবহ। আর শেষবেলায় ছিল সবুজ-মেরুন পায়রো শো।
Published By: Arpan DasPosted: 06:59 PM Jul 13, 2026Updated: 07:34 PM Jul 13, 2026

মোহনবাগান: ৪ (কিয়ান, সুহেল, সায়ন, বিভান)
পাঠচক্র: ০
সবুজ-মেরুন জার্সিতেও একই রকম অনবদ্য সায়ন বন্দ্যোপাধ্যায়। গত মরশুমে লাল-হলুদ জার্সিতে আগুনে ফর্মে ছিলেন সায়ন। এবার দলবদলের পর নজর ছিল তিনি কেমন খেলেন? কলকাতা লিগের প্রথম ম্যাচে কিন্তু সায়ন মাতিয়ে দিলেন। পাঠচক্রের বিরুদ্ধে মোহনবাগান (Mohun Bagan) জিতল ৪-০ গোলে। বহুদিন পর ফ্লাডলাইটের আলোয় মোহনবাগান মাঠে ফিরল জমকালো সেই আবহ। আর শেষবেলায় ছিল সবুজ-মেরুন পায়রো শো।

Advertisement

প্রতিপক্ষ সম্পর্কে খুব একটা ধারণা না থাকলেও এবারের লিগে নামার আগে বেশ কিছুদিন প্রস্তুতির সময় পেয়েছেন ঘরোয়া লিগে (CFL 2026) মোহনবাগানের দায়িত্বে থাকা কোচ বাস্তব রায়। সিনিয়র দল থেকে ম্যাচ টাইম দেওয়ার জন্য আনা হয়েছে সুহেল, কিয়ান, দীপেন্দুদের। পাঠচক্র গতবার ভালো ফর্মে ছিল। এবারও শুরুটা খারাপ করেনি। নিজেদের খেলা গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় মোহনবাগান। সেখানে পাঠচক্রের সৌভিক অধিকারীরা কাউন্টারে বারবার বিব্রত করছিলেন রাজ বাসফোরদের।

কিন্তু সায়নের পায়ে বল পড়লেই ভয়ঙ্কর। বাঁদিক থেকে গতিতে ছিন্নভিন্ন করে দিচ্ছিলেন পাঠচক্রকে। তবে শুরুতে কিয়ান একবার ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি। আবার সায়নের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ সুহেল আহমেদ ভাট। নাহলে প্রথম ১৫ মিনিটেই ৩ গোলে এগিয়ে যেত মোহনবাগান। অবশেষে প্রথম গোল এল ২১ মিনিটে। বাঁদিক থেকে ঝড়ের গতিতে বক্সে ঢুকে পড়েন সায়ন। ভারসাম্য হারিয়েও ক্রস রাখেন। পাঠচক্রের গোলকিপারের ভুলে বল গোললাইন পেরিয়ে যেতে পারত। সেটা না হলেও বাকি কাজটা শেষ করেন কিয়ান নাসিরি। প্রথমার্ধে আর কেউ গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল সবুজ-মেরুনেরই। ৬৫ মিনিটে রাজ বাসফোরের থ্রু বল থেকে রোহিত ক্রস রাখেন। পিছন থেকে এসে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন সুহেল। মোহনবাগানের একটি গোললাইন সেভও হয়। ৯০ মিনিট পর্যন্ত আর গোলের দেখা মেলেনি। শেষবেলায় ফের জ্বলে ওঠে মোহনবাগান। গোল পেলেন সায়ন ও বিভান। গোটা ম্যাচে যা খেলেছে, তাতে সায়নের গোল প্রাপ্যই ছিল। তবে সুহেল এখনও স্লো। সেটুকু কাটিয়ে উঠলেই মোহনবাগানের টিম গেম অন্য দলগুলোকে আরও বিপাকে ফেলবে। ম্যাচের পর গ্যালারিতে সবুজ-মেরুন পায়রো শোতে ষোলো কলা পূর্ণ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement