সাত বছর ধরে জাতীয় লিগ জয়ের জন্য চাতকের মতো অপেক্ষায় ছিল দলটা। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়েও কাটেনি ট্রফিখরা। অবশেষে শাপমুক্তি। সৌদি লিগে অবশেষে চ্যাম্পিয়ন হল আল নাসের। তিনবছর ধরে হলুদ জার্সিতে খেলার পর সৌদির জাতীয় লিগ জয়ের স্বাদ পেলেন রোনাল্ডো। ম্যাচ জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা। জোড়া গোল করে তিনিই যে ট্রফিজয়ের কারিগর।
২০২২ বিশ্বকাপের পরই আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। কিন্তু তাঁর ট্রফিভাগ্য একেবারেই প্রসন্ন ছিল না। আল নাসের ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। একের পর এক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। সৌদি প্রো লিগেও পয়েন্ট তালিকায় প্রথমদিকে থেকেছে হলুদ জার্সিধারীরা। কিন্তু বারবার তীরে এসে ডুবেছে তরী। চায়ের কাপ আর ঠোঁটের দূরত্বটুকু ঘোচেনি। ইতিহাস বলছে, গত পাঁচ বছরে ১৪ বার ট্রফিজয়ের একেবারে দোরগোড়া পর্যন্ত পৌঁছেছে আল নাসের। তার মধ্যে সাড়ে তিন বছর দলে ছিলেন রোনাল্ডো। কিন্তু প্রত্যেকবারই ফিরতে হয়েছে খালি হাতে।
বৃহস্পতিবার ২২ বছরের অপেক্ষা শেষে ইস্টবেঙ্গলের ঘরে এসেছে ভারতসেরার ট্রফি। তার কয়েকঘন্টা পরে একই সুখবর এল আল নাসের ভক্তকুলের জন্য। এদিন দামাকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোনাল্ডোরা। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। দ্বিতীয়ার্ধে জোড়া গোল পর্তুগিজ মহাতারকার। ম্যাচের একেবারে শেষ লগ্নে মাঠ থেকে রোনাল্ডোকে তুলে নেন কোচ। গোটা স্টেডিয়াম তখন সিআর সেভেনকে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে। উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান বান্ধবী জর্জিনা রডরিগেজও। এমন সম্মান পেয়ে আপ্লুত রোনাল্ডো মাঠেই কেঁদে ফেলেন।
শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জেতে আল নাসের। লিগ জয় নিশ্চিত হয়ে যায় বৃহস্পতিবারই। ৩৪ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট পেয়েছে রোনাল্ডোর দল। গোটা লিগে একটাও ম্যাচ হারেনি তাদের প্রবল প্রতিপক্ষ আল হিলাল। কিন্তু পয়েন্টের নিরিখে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ২৮টি ম্যাচ জিতে অবশেষে জাতীয় লিগ এল আল নাসেরের ঝুলিতে।
