shono
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগেই ৫-০ হার! এএফসির শুরুতে ইস্তফা আল হুসেন কোচের

আগামী বুধবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জর্ডনের ক্লাব আল হুসেন এসসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ম্যাচে নামার কথা লাল-হলুদ ব্রিগেডের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:21 PM Sep 14, 2026Updated: 06:59 PM Sep 14, 2026

মাত্র ৬০ ঘণ্টা পরে ম্যাচ। কিন্তু সেই ম্যাচের আগেই পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের (East Bengal) প্রতিপক্ষ দলের কোচ। আগামী বুধবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর জর্ডনের ক্লাব আল হুসেন এসসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ম্যাচে নামার কথা লাল-হলুদ ব্রিগেডের। কিন্তু রবিবার জানা গেল, আল হুসেনের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আহমাদ হায়েলকে। কার্যত কোচবিহীন অবস্থাতেই এএফসিতে প্রথম ম্যাচ খেলতে নামবে জর্ডানের ক্লাবটি।

Advertisement

প্রথমবার এএফসি পর্যায়ে সুযোগ পেয়েছে আল হুসেন। কিন্তু জর্ডনের ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত খারাপ। মরশুমের শুরুতেই হায়েলের ছাত্ররা একেবারে মুখ থুবড়ে পড়েছে। জর্ডানের প্রো লিগে আপাতত পাঁচটা ম্যাচ খেলেছে আল হুসেন। কিন্তু মাত্র একটা ম্যাচে জয় এসেছে। পয়েন্ট টেবিলে সকলের তলায় পড়ে রয়েছে তারা। গোদের উপর বিষফোঁড়ার মতো সঙ্গী হয়েছে ৫-০ হারের লজ্জা। জানা গিয়েছে, নিজেদের শেষ ম্যাচে আল জাজিরার বিরুদ্ধে পাঁচ গোলে চূর্ণ হয়েছে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ।

লজ্জার হারের পর থেকেই ক্লাবের অন্দরে জল্পনা চলছিল হায়েলকে সরিয়ে দেওয়া নিয়ে। প্রথমে যদিও ক্লাবের তরফ থেকে দাবি করা হয় এসব খবর ভিত্তিহীন। কিন্তু রবিবার জল্পনায় সিলমোহর। কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে হায়েলকে। আপাতত ক্লাবের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বাশার বানি ইয়াসিন। তাঁর প্রশিক্ষণেই এএফসির মঞ্চে নামবে জর্ডনের ক্লাবটি। অর্থাৎ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষের একেবারে বেহাল দশা, একথা বলাই বাহুল্য। এশীয় মঞ্চে এই প্রথমবার খেলবে আল হুসেন, কিন্তু একেবারে অগোছালো দশায়।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ম্যাচ খেলতে রবিবার ভোররাতে কলকাতা থেকে দোহা হয়ে জর্ডন পৌঁছে গিয়েছেন মহম্মদ রশিদরা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই দুটি ট্রেনিং সেশন করবেন ফুটবলাররা। প্রশ্ন উঠছিল, চোট কাটিয়ে উঠে জর্ডন যাবেন কি মহম্মদ রশিদ? শেষ পর্যন্ত দেখা গেল চিন্তা কাটিয়ে দলের সঙ্গে এসিএল টু-র প্রথম গ্রুপ পর্বের ম্যাচ খেলতে উড়ে গেলেন রশিদ। দলের সঙ্গে যাননি বরিস সিং, শৌভিক চক্রবর্তী ও দানিশ ফারুখ। হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হুঙ্কার, তাঁর দল খেলে জেতার জন্যই। তবে প্রতিপক্ষকে আন্ডারডগ হিসাবে দেখতে চান না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement