shono
Advertisement
FC Barcelona

শোককে শক্তিতে বদলে রিয়ালকে পর্যদস্তু! বাবাকে হারিয়েও বার্সাকে লা লিগা চ্যাম্পিয়ন করালেন হান্সি

এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লিগ ট্রফি নিশ্চিত করেছে কাতালানরা। ৯৪ বছর বছরে যা হয়নি, সেই কীর্তিই স্থাপন করল বার্সেলোনা। 
Published By: Prasenjit DuttaPosted: 09:55 AM May 11, 2026Updated: 09:59 AM May 11, 2026

শোককে শক্তিতে বদলে ইতিহাস গড়লেন হান্সি ফ্লিক। বাবাকে চিরতরে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনাকে লা লিগা শিরোপা এনে দিলেন জার্মান কোচ। এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ২৯তম লিগ ট্রফি নিশ্চিত করেছে কাতালানরা। ৯৪ বছর বছরে যা হয়নি, সেই কীর্তিই স্থাপন করল বার্সেলোনা। 

Advertisement

জিতলেই চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা, এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল তারা। কিন্তু ম্যাচের আগেই কঠিন এক দুঃসংবাদ পান হান্সি ফ্লিক। সকালে তিনি জানতে পারেন, তাঁর বাবার প্রয়াণের খবর। তবু দলকে ছেড়ে যাননি। এল ক্লাসিকোর মতো বড় ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে থেকেই দলকে নেতৃত্ব দেন তিনি। ফ্লিকের বাবার প্রতি সম্মান জানিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলেন বার্সা ফুটবলাররা। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হয়। সেই সময় সাইডলাইনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি জার্মান কোচ।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা ছিল আগ্রাসী। ৯ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ১৮ মিনিটের মাথায় দানি অলমো ও ফেরান তোরেসের দারুণ বোঝাপড়ায় আসে দ্বিতীয় গোল। সেই ব্যবধান শেষ পর্যন্ত ধরে রেখে বড় জয় তুলে নেয় বার্সা। ৩৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। সমসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭। ফলে বাকি সব ম্যাচ হারলেও আর শিরোপা হাতছাড়া হওয়ার সুযোগ নেই কাতালানদের।

মজার বিষয় হল, এমন ঘটনা এর আগেও একবার ঘটিয়েছিল বার্সা। ১৯৩১-৩২ মরশুমে প্রথমবার এল ক্লাসিকো জিতে লা লিগা নিশ্চিত করেছিল বার্সেলোনা। এরপর কেটে যায় দীর্ঘ ৯৪ বছর। তারপর আবার স্প্যানিশ ফুটবল দেখল শিরোপা নির্ধারণী এল ক্লাসিকো। এই ঘটনাকে আরও বিশেষ করে তুলেছে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। এত বছরের আধিপত্য, অসংখ্য ট্রফি ও এল ক্লাসিকো জয় থাকা সত্ত্বেও, বার্সেলোনাকে হারিয়ে কোনও দিনও লা লিগা ঘরে তুলতে পারেনি 'লস ব্লাঙ্কোস'রা।

এমন ঐতিহাসিক ম্যাচ জিতে আবেগাপ্লুত ফ্লিক বলেন, "দিনটা কখনও ভুলব না। শুরুটা খুব কঠিন ছিল। কারণ আমি আমার বাবাকে হারিয়েছি। কিন্তু আমার দল আজ অসাধারণ ছিল। ওরা শুধু দল নয়। একটা পরিবারের মতো। আজ সবাই নিজেদের সেরাটা দিয়েছে। সমর্থকদের জন্য আমি গর্বিত। এই মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এল ক্লাসিকো জিতে লা লিগা জয় সত্যিই অসাধারণ অনুভূতি। এটা সহজ ছিল না, কারণ রিয়ালও দুর্দান্ত দল।" চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। হাতে থাকা শেষ তিন ম্যাচ জিততে পারলে লা লিগা ইতিহাসে তৃতীয় দল হিসাবে ১০০ পয়েন্ট স্পর্শ করবে তারা। পাশাপাশি এক মরশুমে ঘরের মাঠের ১৯ ম্যাচ জেতার অনন্য কীর্তিও গড়তে পারে কাতালান ক্লাবটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement