shono
Advertisement
FIFA World Cup 2026

ডামাডোলের মাঝেই বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ! এগিয়ে এল ইউটিউব, নেপথ্যে রোনাল্ডো?

সম্প্রচার সংস্থা জি'র উদ্যোগে হয়তো মেগা টুর্নামেন্ট ভারতে দেখানো হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ভারতীয় ফুটবলপ্রেমীদের গাঁটের কড়ি খরচ করতে হতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:30 PM May 30, 2026Updated: 04:30 PM May 30, 2026

দীর্ঘ টানাপোড়েনের পর ভারতে বিশ্বকাপ সম্প্রচার কাটতে চলেছে। সম্প্রচার সংস্থা জি'র উদ্যোগে হয়তো মেগা টুর্নামেন্ট ভারতে দেখানো হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ভারতীয় ফুটবলপ্রেমীদের গাঁটের কড়ি খরচ করতে হতে পারে। বিশ্বকাপের জন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিতে হতে পারে। এহেন পরিস্থিতিতে বিনামূল্যে ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ দেখার সুযোগ করে দিল একটি সংস্থা। নেপথ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

Advertisement

ভারতের ফুটবলপ্রেমীরা আদৌ এবারের বিশ্বকাপ দেখতে পাবেন কিনা, সেই নিয়ে দীর্ঘদিন ধরে ডামাডোল চলেছে। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু জিও হটস্টার বা সোনি স্পোর্টস তাতে আগ্রহ দেখায়নি। তাদের যুক্তি, মূলত গভীর রাতে ম্যাচগুলি হবে। ফলে অধিকাংশ ম্যাচই দেখবেন না দর্শকরা। তার জন্য় বিরাট অঙ্ক বিনিয়োগ করা যাবে না।

আপাতত সেই জটিলতা কাটবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ৩০০ কোটির টাকায় জি’র সঙ্গে চুক্তি হতে পারে ফিফার। জি'র প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে গেলে নির্দিষ্ট প্যাকেজ কিনতে হতে পারে দর্শকদের। ভারতীয় ফুটবলপ্রেমীরা যখন এহেন দোলাচলে, তখন অভিনব উদ্যোগ নিয়েছে CazeTV নামে এক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের সঙ্গে কয়েকদিন আগেই পার্টনারশিপ চুক্তি করেছে ব্রাজিলের স্পোর্টস মিডিয়া সংস্থা লাইভমোড। এই লাইভমোডে আবার বিরাট অঙ্কের বিনিয়োগ রয়েছে রোনাল্ডোর।

জানা গিয়েছে, আসন্ন বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচই এই ইউটিউব চ্যানেলে দেখানো হবে, বিনামূল্যে। তবে ভারতীয় ফুটবলপ্রেমীদের কোনও লাভ নেই। তাঁরা এই ইউটিউব চ্যানেলটি দেখতে পারবেন। কিন্তু বিশ্বকাপের ম্যাচ লাইভ দেখার উপায় নেই। এই সুযোগ কেবলমাত্র ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য়। উল্লেখ্য, বিশ্বকাপের জন্য চারটে চ্যানেল তৈরির পরিকল্পনা রয়েছে জি’র। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সম্প্রচার নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement