চলতি বিশ্বকাপটা ছিল আফ্রিকান রূপকথার মঞ্চ। একের পর এক আফ্রিকান দল চমকে দেওয়া পারফরম্যান্স করেছে। চমকে দিয়েছে স্পেন, আর্জেন্টিনার মতো বিশ্বজয়ী দলকে। কোয়ার্টার ফাইনালে এসে থেমে গিয়েছে আফ্রিকান বিজয়রথ। এবার বিশ্বকাপের পুরস্কার মূল্য হিসাবে বিপুল অর্থ ঢুকবে আফ্রিকান ফুটবলের কোষাগারে। কিন্তু তাতে কি সাদিও মানে-ভোজিনহাদের লাভ হবে আদৌ? বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে আফ্রিকার ফুটবলকে ঘিরে।
চলতি বিশ্বকাপে অংশ নিয়েছিল আফ্রিকার ১০টি দেশ। একমাত্র তিউনিশিয়া ছাড়া প্রত্যেকটি দলই গ্রুপ পর্বের বেড়া টপকে যায়। এবারের বিশ্বকাপে রীতিমতো নায়ক হয়ে উঠেছে আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেনের বিরুদ্ধে ড্র, আর্জেন্টিনার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই-কেপ ভার্দের প্রত্যেকটি সংগ্রামের শরিক হয়েছেন ফুটবলপ্রেমীরা। প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরের অনবদ্য পারফরম্যান্সও জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেরা ম্যাচগুলির তালিকায়। গতবারের মতো এবারও ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে মরক্কোর ফুটবল।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর এখন আফ্রিকার বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারমূল্য। কিন্তু সেই অর্থের কতটা ভাগ করা হবে ফুটবলারদের মধ্যে, সেটা ফেডারেশনের সিদ্ধান্ত। এখানে ফিফার হস্তক্ষেপ করতে পারে না। সেকারণেই প্রশ্ন উঠছে, আফ্রিকান ফুটবলাররা নিজেদের পারফরম্যান্সের যথাযথ পুরস্কার মূল্য পাবেন তো? কারণ অতীতে বহুবার আঙুল উঠেছে আফ্রিকার ফুটবল ফেডারেশনের দিকে। ফুটবলারদের প্রাপ্য অর্থ না দেওয়ার বহু নজির রয়েছে।
চলতি বিশ্বকাপের আগেও সেনেগালের ফুটবলারদের বকেয়া মেটানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল ঘানা। কারণ ম্যাচ ফি'টুকুও মেলেনি ফুটবলারদের। শেষ পর্যন্ত বিমানে চাপিয়ে ক্যাশ পাঠানো হয় ব্রাজিলে। ওই বিশ্বকাপে একই অভিযোগ এনেছিল নাইজেরিয়াও। রাউন্ড অফ ১৬-এর ম্যাচ বয়কটের ডাক দেন ফুটবলাররা। এবার বিপুল পুরস্কার মূল্য পেলেও সেটার যথাযথ বন্টন হবে তো? পরিবারের খরচ জোগাতে গোলকিপারের গ্লাভস ছেড়ে বাস চালাতে হবে না তো ভোজিনহাকে?
বিশ্বকাপে আফ্রিকার লক্ষ্মীলাভ
কোন দল কত পেল?
মরক্কো ১৮১ কোটি (কোয়ার্টার ফাইনাল)
মিশর ১৪৩ কোটি (রাউন্ড অফ ১৬)
দক্ষিণ আফ্রিকা ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
সেনেগাল ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
আইভরি কোস্ট ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
ডি আর কঙ্গো ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
ঘানা ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
আলজেরিয়া ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
কেপ ভার্দে ১০৫ কোটি (রাউন্ড অফ ৩২)
তিউনিশিয়া ৮৫ কোটি (গ্রুপ পর্ব)
সব অঙ্ক ভারতীয় মুদ্রায় আনুমানিক
