shono
Advertisement
FIFA World Cup 2026

নকআউটে ব্রাজিলের সামনে 'কঠিন' প্রতিপক্ষ, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি?

গ্রুপ পর্বে একটা ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনা উঠে গিয়েছে নকআউটে। রাউন্ড অফ ৩২তে কাদের বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা?
Published By: Anwesha AdhikaryPosted: 10:41 AM Jun 26, 2026Updated: 10:41 AM Jun 26, 2026

বিশ্বকাপের দু'সপ্তাহ পার। কোন দলগুলোর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনও টিকে আছে, আর কারা মার্কিন মুলুক থেকে বিদায় নেবে-সেই সমীকরণটা অনেকটাই পরিষ্কার। যদিও গ্রুপ পর্বের কয়েকটা ম্যাচ এখনও বাকি। তবে তার আগেই নকআউটে উঠে গিয়েছে ১৯টি দল। রাউন্ড অফ ৩২তে কোন দেশ কার বিরুদ্ধে খেলবে, সেটাও কিছুটা পরিষ্কার। তবে নকআউটে উঠলেও ফ্রান্স-সহ কয়েকটা দলের প্রতিপক্ষ এখনও স্থির হয়নি।

Advertisement

ভারতীয় সময় রবিবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। সেদিন মুখোমুখি হবে প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠা দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ কানাডা। নকআউটের দ্বিতীয় ম্যাচেই ব্রাজিল বনাম জাপান হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৬ বিশ্বকাপে ওই ম্যাচে ৪-১ জেতে ব্রাজিল। সবমিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে ব্রাজিল। একবার জিতেছে জাপান, সেটাও ২ গোলে পিছিয়ে পড়ার পর। সোমবার রাত সাড়ে ১০টায় নকআউট ম্যাচে নামবে ব্রাজিল-জাপান।

নকআউটে নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিরুদ্ধে। ভারতীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় খেলবে দুই দল। এছাড়া আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে। এই ম্যাচ খেলা হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়। এছাড়াও নিশ্চিত হয়ে গিয়েছে জার্মানি, আর্জেন্টিনার মতো দলগুলির নকআউট সূচি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে জার্মানি। খোঁচা খাওয়া আহত বাঘ হয়ে নকআউটে নামবেন জামাল মুসিয়ালারা। মঙ্গলবার রাত দুটোয় রয়েছে এই ম্যাচ।

গ্রুপ পর্বে একটা ম্যাচ বাকি থাকতেই আর্জেন্টিনা উঠে গিয়েছে নকআউটে। রাউন্ড অফ ৩২তে উরুগুয়ে অথবা কেপ ভার্দের মধ্যে কোনও একটা দলের বিরুদ্ধে খেলতে হবে লিওনেল মেসিদের। সেই ম্যাচ হবে ভারতীয় সময় ৪ জুলাই ভোর সাড়ে তিনটেয়। অন্যদিকে, ২০১৮ বিশ্বজয়ী ফ্রান্স নকআউটে উঠে গেলেও, তাদের ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এছাড়াও নকআউটে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট, মেক্সিকো, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। নিজেদের শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তুরস্ক। বিদায় নিয়েছে কুরাসাও, তিউনিশিয়া, হাইতি, কাতার, চেক প্রজাতন্ত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement