রাজ্যে জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিট থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এই অনুষ্ঠান থেকেই বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, বিগত সরকার ছিল তোষণের সরকার। রাজ্যে বর্তমানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবার সব কাজ হবে।
কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু। ছবি: কৌশিক দত্ত।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আজ কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে তাঁর ১৮৯ তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শুভেন্দু জানান, এই প্রথমবার রাজ্য সরকার কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে কোনও অনুষ্ঠান পালন করছে। এরপর তৃণমূলের দুর্নীতি, পরিবারবাদের বিরুদ্ধে সরব হন তিনি। তৃণমূল নেতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, "বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজরিত বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এর জন্য অন্য জায়গা আছে।"
পড়ুয়াদের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু। ছবি: কৌশিক দত্ত।
দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। এই আবহে আজ কলেজ স্ট্রিটে সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী উদযাপন করা হল। এই অনুষ্ঠান থেকে শুভেন্দু জানান, রাজ্যে একটি বড়, জাতীয় মানের বন্দে মাতরম মিউজিয়াম তৈরি করা হবে। বাজেটে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে।
উল্লেখ্য, গত বছর শুভেন্দু অধিকারীকে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। যদিও সেই সময় বাড়ির বাইরেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। এবিষয়ে শুভেন্দু বলেন, "বন্দেমারতরমের ১৫০ বছরে এখানকার রাস্তা খুঁড়ে দিয়েছিল।" রাজ্যে পালাবদলের পর সেই বাড়িতেই পালিত হল সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তী।
