হাজারও প্রশ্নের মধ্যে নিজেকে ফের প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যতবার সমালোচনা হয়, ততবার এভাবেই জবাব দেন সিআর৭। তবু চলে আসে লিওনেল মেসির সঙ্গে তুলনা। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলে পর্তুগালকে জিতিয়েই মেসিকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন রোনাল্ডো। উত্তরে কী করলেন তিনি?
দুই দশক ধরে ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে মেসি ও রোনাল্ডোর দ্বৈরথে। এই বিশ্বকাপেও তাঁর আঁচ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ২ ম্যাচে ৫ গোল করে চর্চায় মেসি। আগের ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপেও। রোনাল্ডোই বা পিছিয়ে থাকেন কেন? প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে সাফল্য পাননি। তা নিয়ে প্রবল সমালোচনা হয়। অবশেষে উজবেকদের বিরুদ্ধে পাওয়া গেল ভিন্টেজ রোনাল্ডোকে। ম্যাচের পর হিউস্টন স্টেডিয়ামে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "কাল মেসি ২ গোল করেছেন।"
সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন রোনাল্ডো। কিছুটা বিরক্ত মুখেই বলেন, "পরের প্রশ্ন।" তারপর সেখান থেকে যাওয়ার সময় বলে যান, "এমবাপেও করেছে।" পরে ফের তাঁকে মেসি ও আর্জেন্টিনা নিয়ে প্রশ্ন করা হয়। সেবারও প্রশ্ন এড়িয়ে যান। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। এবারও তুলনা নিয়ে মাথা ঘামাননি পর্তুগিজ কিংবদন্তি। তিনি বলেন, "আমি জানি না, কীভাবে এর উত্তর দেব। হলে দারুণ হবে। তবে আজকের দিনটাই আসল। জিতে এগিয়ে গিয়েছি। এবার সামনের ম্যাচে নজর। আসল লক্ষ্য হল গ্রুপ পর্ব থেকে ভালোভাবে এগিয়ে যাওয়া। আমরা সেটাই করছি।"
দিনের শেষে রোনাল্ডোর মুখে নিজের দলের কথা। তিনি বলেন, “গত এক সপ্তাহ আমাদের কাছে খুব কঠিন ছিল। আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। যেন আমি অবসর নিয়ে ফেলেছি। সবাই মিলে কথা বলেছিলাম। ঠিক করেছিলাম প্রত্যাবর্তনের লড়াই লড়ব। আর জানেন তো, ঈশ্বর তাঁদের সঙ্গেই থাকেন, যাঁরা হাল ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রম করে। সৎ থাকে।"
