রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে নামছেন। সেই ম্যাচ শুরুর আগেই নতুন নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। 'বয়স্কতম' হিসাবে বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা করে নিলেন সিআর সেভেন। বুধবার ডিআর কঙ্গোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে পর্তুগাল। যাবতীয় জল্পনা সত্ত্বেও রোনাল্ডোর উপরেই আস্থা রেখেছেন রবার্তো মার্টিনেজ।
চলতি বিশ্বকাপে একাধিক দলেই রয়েছে চল্লিশোর্ধ তারকারা। দিনদুয়েক আগে একাহাতে স্পেনকে আটকে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। তাঁর বয়সও চল্লিশের উপরে। তবে বয়স্কতম ফুটবলার হিসাবে নতুন নজির গড়লেন রোনাল্ডো। চলতি বিশ্বকাপের বয়স্কতম ফুটবলার হিসাবে মাঠে নামবেন তিনি। বুধবার তাঁর বয়স হল ৪১ বছর ১৩২ দিন। রোনাল্ডোর থেকে বেশি বয়স্ক কোনও ফুটবলার এবারের বিশ্বকাপে প্রথম একাদশে নামেননি এখনও পর্যন্ত। অধিনায়কের আর্মব্যান্ড পরেই এদিন বিশ্বকাপ অভিযান শুরু করলেন সিআর সেভেন।
অন্যদিকে, মেগা টুর্নামেন্টে নামার আগেই পর্তুগালের তরফ থেকে জানানো হয়েছিল, প্রয়াত দিয়োগো জোটার স্মৃতি বহন করবে গোটা দল। প্রায় এক বছর আগে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পর্তুগালের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার দিয়োগো জোটা। তাঁর প্রয়াণ সতীর্থরা মেনে নিতে পারেননি। মাত্র ২৮ বছরেই পরলোকে চলে গিয়েছেন। পর্তুগালের এই তারকা ফুটবলার কখনও বিশ্বকাপ খেলতে পারেননি। ২০২২ কাতার বিশ্বকাপে পায়ের চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপে দলকে মূলপর্বে তুললেও বিশ্বকাপ খেলার স্বপ্ন তাঁর অধরাই থেকে গিয়েছে।
জোটার আবেগঘন স্মৃতি নিয়ে এদিন মাঠে নামলেন পর্তুগিজ ফুটবলাররা। সম্প্রতি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো দলের সঙ্গে দেখা করে প্রত্যেক খেলোয়াড়কে ব্রেসলেট উপহার দেন। সেখানে খেলোয়াড়দের নিজস্ব নামের পাশাপাশি লেখা দিয়োগো জোটার নাম। ফিফার নিয়মাবলি মেনেই এই ব্রেসলেট তৈরি হয়েছে। সেটা পরে ফুটবলাররা মাঠে নেমেছেন। ম্যাচ শুরুর আগেও জোটাকে স্মরণ করে গোটা স্টেডিয়াম।
