সমগ্র ফুটবলবিশ্ব যতই পর্তুগালকে বিশ্বকাপে (FIFA World Cup 2026) সম্ভাব্য জয়ীদের তালিকাভুক্ত করুক না কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo) তা মানেন না। নিজের দলকে নিয়ে অবশ্যই ঘোর বিশ্বাসী। কিন্তু ফেভারিট ট্যাগলাইনের চাপ অহেতুক নিয়ে টিমকে চাপে ফেলার পক্ষপাতী পর্তুগিজ অধিনায়ক নন।
ফুটবল বিশ্বকাপ পুরোদমে শুরু হয়ে গেলে কী হবে, এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছয়নি পর্তুগাল। শুক্রবার তারা রওনা হল। আর দেশ ছাড়ার আগে পর্তুগিজ কিংবদন্তি দেশের ফুটবল-জনতার উদ্দেশে বলে গেলেন, অনন্ত আশাবাদ নিয়েই তাঁরা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
নয়-নয় করে একচল্লিশ বছর বয়স হয়ে গেল ক্রিশ্চিয়ানোর। বিশ্ব ফুটবলের এমন কোনও ট্রফি নেই, যা তিনি জেতেননি। স্রেফ একটা বাদে। বিশ্বকাপ বাদে। কাতারে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ক্যাবিনেটে যা ঢুকে গিয়েছে। রোনাল্ডো জানেন, এবার তিনি বিশ্বজয় করতে পারলে, অমরত্ব লাভ করে যাবেন। তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ আর কোনও দিন টুঁ শব্দ পর্যন্ত করতে পারবেন না। দেখতে গেলে, এবারই সেই অধরা মাধুরী ছোঁয়ার সেরা সুযোগ সিআর সেভেনের। এমন সোনার টিম তো কখনও পায়নি পর্তুগাল। ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, নুনো মেন্ডেস, জোয়াও ক্যানসেলো, বার্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, জোয়াও নেভেস–কে নেই টিমে? এবং রয়েছেন তিনি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং!
‘‘আনন্দ করতে-করতে আমরা আমেরিকা যাচ্ছি। যাচ্ছি, এক আকাশ স্বপ্ন নিয়ে। বিশ্বকাপ সব সময়ই স্পেশাল একটা টুর্নামেন্ট। ঠিক যেমন ইউরো। এবারের বিশ্বকাপে ভালো কিছু করা নিয়ে আমি আশাবাদী,’’ শুক্রবার দেশ ছাড়ার আগে বলছিলেন রোনাল্ডো। পর্তুগাল অধিনায়ক আত্মবিশ্বাসী যে ভাবে ট্রেনিং করেছে টিম, তাতে ভালো রেজাল্ট সম্ভব। ‘‘আমরা প্রত্যেকে খুবই ক্লান্ত। কারণ, অসম্ভব খাটাখাটনি করেছি আমরা। প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে টিম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ১৭ জুনের ম্যাচে জয় পাওয়া,’’ বলে থাকেন সিআর। যদিও পাঁচ বার ব্যালন ডি’অর বিজয়ী মহাতারকা মনে করেন, আসল চ্যাম্পিয়ন কারা, তা বোঝা যাবে গ্রুপ পর্ব শেষ হলে। চাপের অগ্নিকুণ্ডে এক-এক করে টিমগুলো পড়তে শুরু করলে। ‘‘চাপ বাড়লে তখনই বোঝা যাবে আসল চ্যাম্পিয়ন কারা। বিশ্বজয়ী হওয়া সহজ নয়। অনেকগুলো ফ্যাক্টরকে একসঙ্গে কাজ করতে হয়। কিন্তু নিজেদের পারফরম্যান্স নিয়ে আমি আত্মবিশ্বাসী। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে হবে। তার পর এক-একটা ম্যাচ ধরে এগোতে হবে। আমরা যত জিতব, তত ছন্দ মসৃণ হবে। টিমের বিশ্বাস বাড়বে,’’ রায় রোনাল্ডোর।
