shono
Advertisement
Ronaldo FIFA World Cup 2026

২০১৪-য় অভিশাপ দেন রোনাল্ডোকে, ঘানার সেই বিতর্কিত 'ওঝা' বলছেন, 'এবার বিশ্বজয়ী পর্তুগাল'

চলতি বিশ্বকাপেও নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে 'বোতলবন্দি' করে ফেলেছিলেন। ঘানার সেই স্বঘোষিত 'ওঝা' এবার এমন এক দাবি করলেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার রোনাল্ডোভক্তের মুখে হাসি ফুটিয়ে তুলতে বাধ্য।
Published By: Subhajit MandalPosted: 09:05 PM Jun 26, 2026Updated: 02:13 PM Jun 27, 2026

'কালো জাদু' করে বেশ 'সুনাম' অর্জন করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও (FIFA World Cup 2026) নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে 'বোতলবন্দি' করে ফেলেছিলেন। ঘানার সেই স্বঘোষিত 'ওঝা' এবার এমন এক দাবি করলেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার রোনাল্ডোভক্তের মুখে হাসি ফুটিয়ে তুলতে বাধ্য। নানা কোয়াকু বনসাম, ঘানার ওই বিখ্যাত ওঝা বলছেন, "এবারের বিশ্বকাপ রোনাল্ডোর।" অধরা মাধুরী ছুঁয়ে ফেলতে আর অপেক্ষা করতে হবে না বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা তারকাকে।

Advertisement

নানা কোয়াকু বনসাম, প্রথম শিরোনামে আসেন ২০১৪ সালে। সেবার পর্তুগাল পড়েছিল ঘানার গ্রুপে। সেসময় ওই স্বঘোষিত ওঝা দাবি করেন, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপর 'কালো জাদু' করেছেন। বিশ্বকাপে বেশ কঠিন সময় কাটাতে হবে রোনাল্ডোকে। ঘটনাচক্রে সেই বিশ্বকাপ মোটেই ভালো যায়নি সিআর সেভেনের। কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও নিজের দেশকে গ্রুপের গণ্ডি পেরিয়ে নকআউটে তুলতে পারেননি ক্রিশ্চিয়ানো। নিজে মোটে একটি গোল পান। হাঁটুর চোটও ভোগায় তাঁকে। সেসময় ঘানার ওই ওঝা বেশ পরিচিত হয়ে যান।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি।

কোয়াকু বনসাম নামের অর্থ ‘বুধবারের শয়তান’। তাঁর দাবি, ঘানার প্রত্যন্ত এক গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি লাভ করেছেন। সেই শক্তির জোরেই নাকি তিনি ঝাড়ফুঁক করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন। নিজেই জানিয়েছেন, ২০১৪ সালের বিশ্বকাপে তাঁর ঝাড়ফুঁকের ফলেই নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১২ বছর বাদে সেই কোয়াকু ফের শিরোনামে। চলতি বিশ্বকাপে ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে নাকি তিনি মন্ত্রবলে বেঁধে ফেলেছিলেন। তবে এবার রোনাল্ডোকে (Ronaldo) নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী পর্তুগাল সমর্থকদের জন্য রীতিমতো আশাব্যাঞ্জক।

কোয়াকু বলছেন, "এই বিশ্বকাপ রোনাল্ডোর। আমি দেখে নিয়েছি ট্রফিটা ওঁর হাতেই উঠছে।" ঘানার ওই ওঝার দাবি,"আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। আর আমি সেটা দেখেও ফেলেছি। রোনাল্ডোর অপেক্ষা এবার শেষ হতে চলেছে।" কোয়াকুর এই ভবিষ্যদ্বাণী যদি রোনাল্ডো ভক্তরা শোনেন, তাহলে হয়তো বলবেন, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। আসলে এ বছর এমনিতেই পর্তুগালকে অনেকে রেখেছে ফেভারিট তালিকায়। তার উপর রোনাল্ডো নিজের শেষ বিশ্বকাপে অধরা মাধুরীর সন্ধান পেতে মরিয়া। এতএব, কোয়াকুর ভবিষ্যদ্বাণী পর্তুগালপ্রেমীদের আরও বেশি আশাবাদী করে তুলবে, সেটাই স্বাভাবিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement