shono
Advertisement

Breaking News

Lamine Yamal

'আগেও দু'বার হারিয়েছি, আমাদের ভয় পাবে,' সেমিতে উঠে এমবাপেদের হুঙ্কার স্পেনের ইয়ামালের

কী বলছে দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান?
Published By: Arpan DasPosted: 10:43 AM Jul 11, 2026Updated: 04:39 PM Jul 11, 2026

ফ্রান্সকে একেবারেই ভয় পাচ্ছে না স্পেন। বরং বিশ্বকাপ (FIFA World Cup 2026) সেমিফাইনালে এমবাপেদের হারানোর হুমকি দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল (Lamine Yamal)। কেন এত আত্মবিশ্বাসী তিনি? কারণ, গত দু'সাক্ষাতে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। এবার হয় ইউরোজয়ীদের জয়ের হ্যাটট্রিক হবে। নয়তো ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। উত্তরটা জানা যাবে ১৪ জুলাই রাতে।

Advertisement

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে স্পেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র গোল হজম করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে একাই ৮টি গোল হয়ে গিয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের। উসমান দেম্বেলের গোল ৫। ফ্রান্সের ৬ ম্যাচে মোট গোল সংখ্যা ১৬। দুই মহাশক্তির লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

তার আগে ইয়ামালের হুঙ্কার। সোমবার ১৯ বছরে পা দেবেন স্পেনের তরুণ তুর্কি। সেমিফাইনালে উঠে তিনি বলছেন, "এই ম্যাচের জন্য মুখিয়ে আছি। বিশ্বকাপের শুরু থেকে এই ম্যাচের অপেক্ষায় ছিলাম। আমরা বিশ্বের দুই সেরা দল। যদি ফ্রান্স কাউকে ভয় পায়, সেটা আমাদেরই। আমরা তো আগেও ওদের ছিটকে দিয়েছি। ফ্রান্সকে ভয় পাচ্ছি না। এই ম্যাচের দু'টো ফলাফল হতে পারে। হয় ফ্রান্স টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলবে। নয়তো আমরা ওদের টানা তিনবার হারাব। আমরা জানি এই ম্যাচ কীভাবে খেলতে হবে।"

সাম্প্রতিক পরিসংখ্যানের নিরিখে এগিয়ে ইয়ামালরাই। ২০২৫-এ নেশনস লিগের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে জিতেছিল স্পেন। জোড়া গোল করেন ইয়ামাল। তার আগে ২০২৪-এর ইউরোর সেমিতে ১-২ গোলে হার মানেন এমবাপেরা। এই ম্যাচে একটি অবিশ্বাস্য গোল করেছিলেন ১৭ বছরের ইয়ামাল। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটিই গোল করেছে বার্সেলোনার তারকা। তবে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাঁর বক্তব্য, "বিশ্বকাপ জিতলে আমি কত গোল করেছি, সেটা কেউ মনে রাখবে না। বিশ্বকাপ জেতাটাই আমাদের লক্ষ্য।" ইয়ামালের হুঙ্কার এমবাপেরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement