shono
Advertisement
Lionel Messi

রেফারির পক্ষপাতিত্বেই লাল কার্ড দেখেননি মেসি! বিতর্কিত ফাউল নিয়ে ফিফায় নালিশ আলজেরিয়ার

আলজেরিয়ার আইসা মান্ডির থেকে বল কাড়তে গিয়ে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনও কার্ড দেখাননি। এই রেফারি ২০২২ সালে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালেও দায়িত্বে ছিলেন।
Published By: Arpan DasPosted: 09:26 AM Jun 20, 2026Updated: 09:26 AM Jun 20, 2026

হ্যাটট্রিক করে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু হয়েছে লিওনেল মেসির। তবে সেই ম্যাচে ছিল বিতর্কও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে এক ট্যাকলের ঘটনায় প্রশ্ন উঠেছে, রেফারির সিদ্ধান্তে কি সুবিধা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক? এতদিন শুধু ফুটবলপ্রেমীদের একাংশের প্রশ্ন ছিল। এবার সরাসরি ফিফার কাছে অভিযোগ দায়ের করল আলজেরিয়া। তার সঙ্গে ওই ম্যাচের আরও একটি ঘটনা নিয়েও প্রতিবাদ জানিয়েছে তারা।

Advertisement

কী ঘটেছিল সেই ম্যাচে? ঘটনাটি ঘটে মেসির প্রথম গোলের কিছুক্ষণ পর। আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির কাছে তখন বলের নিয়ন্ত্রণ। পিছন দিক থেকে বল কাড়তে গিয়ে মান্ডিকে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনও কার্ড দেখাননি। রিপ্লেতে দেখা যায়, মেসির বুটের স্টাড মান্ডির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝামাঝি অংশে লেগেছে। মাঠের রেফারি সাইমন মারচিনাক মেসিকে শাস্তি দেননি। এমনকী ভিএআর-এর দ্বারস্থও হননি।

এবার এর বিরুদ্ধে পদক্ষেপ নিল আলজেরিয়া। পোল্যান্ডের রেফারি ও সহযোগীদের বিরুদ্ধে সরাসরি ফিফার কাছে অভিযোগ জানিয়েছে সেদেশের ফুটবল ফেডারেশন। তাদের এক কর্তা সংবাদমাধ্যমকে জানান, "আমাদের মূল অভিযোগ মেসির ট্যাকেল নিয়ে। যেটাতে লাল কার্ড দেখানো উচিত ছিল। আমরা বলছি না যে, আলজেরিয়া জেতার মতো খেলেছে। কিন্তু যে অন্যায়গুলো ঘটেছে, তা নিয়ে আমরা চুপ থাকতে পারি না। অন্তত তিনটি ঘটনা এমন ছিল যেখানে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু ভিএআর সেগুলোর কোনোটিতেই হস্তক্ষেপ করেনি।"

আলজেরিয়ার অভিযোগ, আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তাদের ইব্রাহিম মাজাকে কনুই দিয়ে আঘাত করেছিলেন। সেটাতেও কঠোর ব্যবস্থা নিতে হত। আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহারেজও ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাঁর বক্তব্য, এই ফাউল অন্য কেউ করলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হত। উল্লেখ্য, আলজেরিয়া ম্যাচের রেফারি মার্সিনিয়াক ২০২২ সালে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালেও রেফারি ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement