আর মাত্র কয়েক ঘণ্টা। শুরুর অপেক্ষায় ফুটবল বিশ্বকাপ। গোটা বিশ্বের মতোই ভারতীয় ফুটবলপ্রেমীরাও অপেক্ষায়। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। সমর্থকেরা নিজেদের প্রিয় দলকে সমর্থন করতে রাত জাগবেন। তাঁদের জন্য সুখবর। ফ্রি-তেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ।
তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে, জি এন্টারটেইনমেন্টই ভারতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সম্প্রচারকারী। ফলে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখার পথ এখন স্পষ্ট। শুধু ২০২৬ বিশ্বকাপই নয়, এই চুক্তির মাধ্যমে ২০৩৪ সাল পর্যন্ত ফিফার আরও ৩৮টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার স্বত্বও অর্জন করেছে সংস্থাটি। ফলে আগামী এক দশকে আন্তর্জাতিক ফুটবল সম্প্রচারে জি বেশ শক্তিশালী কদম বাড়াতে চলেছে।
ক্রীড়া সম্প্রচার ব্যবস্থাকে বিস্তৃত করতে ইতিমধ্যেই চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে নেটওয়ার্কটি। ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখতে চাইলে জি৫-এ দু'টি সাবস্ক্রিপশন প্ল্যান উপলব্ধ থাকবে। তিন মাসের প্ল্যানের মূল্য ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যানের মূল্য ১৬৯৯ টাকা। তবে জি৫-এ প্রথমে অফার দেওয়া ছিল একটায় লগইন করলে তিনজন অ্যাকসেস পাবে। বৃহস্পতিবার সকালে সেটা তুলে দেওয়া হয়েছে। আর যাদের আগে থেকে সাবস্ক্রিপশন মারা আছে, তাদেরও ৭৯৯ টাকা আলাদা করে মারতে হবে। নেটিজেনরা ক্ষুব্ধ।
তবে যাঁদের জি-এর স্পোর্টস চ্যানেল বা জি৫-এর সাবস্ক্রিপশন নেই, তাঁদের জন্যও রয়েছে সুখবর। দূরদর্শন স্পোর্টস (ডিডি স্পোর্টস) টুর্নামেন্টের নির্বাচিত কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। দূরদর্শন স্পোর্টস (ডিডি স্পোর্টস) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দ্বৈরথ ভারতীয় সময় অনুযায়ী ১২ জুন রাত ১২টা ৩০ মিনিটে দেখা যাবে। শুধু উদ্বোধনী ম্যাচই নয়, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ নকআউট পর্বের খেলাগুলিও ডিডি ফ্রি ডিশে সম্প্রচার করা হবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৯, ১০ ও ১১ জুলাই। এরপর ১৪ ও ১৫ জুলাই মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। আর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, অর্থাৎ ১৯ জুলাই ফাইনাল ম্যাচও দেখা যাবে দূরদর্শনে।
