shono
Advertisement
Donald Trump

ট্রাম্পের ডেরায় ঢুকে দুরমুশ! মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

ডোনাল্ডো ট্রাম্পের 'মাতব্বরি'তেও বিশ্বকাপে শেষরক্ষা হয়নি আমেরিকার। মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে ফিফা আমেরিকার ফুটবলারের লাল কার্ড প্রত্যাহার করলেও বেলজিয়াম জিতেছে।
Published By: Arpan DasPosted: 03:06 PM Jul 07, 2026Updated: 03:54 PM Jul 07, 2026

ডোনাল্ডো ট্রাম্পের 'মাতব্বরি'তেও শেষরক্ষা হয়নি আমেরিকার। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ট্রাম্পের দেশকে দুরমুশ করেছে বেলজিয়াম। মার্কিন প্রেসিডেন্টের চাপে পড়ে আমেরিকার ফুটবলারের লাল কার্ড প্রত্যাহারেও লাভ হয়নি। আর গোলের পর ট্রাম্পকে চরম কটাক্ষ বেলজিয়ামের রোমেলু লুকাকুর। আর সেটাও আমেরিকার মাটিতে দাঁড়িয়েই।

Advertisement

সিয়াটেল স্টেডিয়ামে আমেরিকাকে ৪-১ গোলে জেতে বেলজিয়াম। জোড়া গোল চার্লস ডে কেটেলারের। একটি করে গোল হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকুর। ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল বেলজিয়াম। তাদের জয় অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু ম্যাচের নাটক ছিল তার অনেক আগে। ট্রাম্পের জোরাজুরিতে ফিফা মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার করে নেয়। এই ম্যাচেও খেলেন বালোগান। কিন্তু ফিফার সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ ছিল ফুটবলদুনিয়া।

গোল সেলিব্রেশনে সেটাই উঠে এল। সংযুক্তি সময়ে গোলের পর সতীর্থদের সঙ্গে নাচলেন লুকাকু। হাত ও কাঁধ ঘুরিয়ে সেই ম্যাচ দেখে যে কারও মনে পড়বে ট্রাম্পের কথা। কারণ, ট্রাম্পও ঠিক এই ভঙ্গিতেই নাচেন। সেই ভিডিও ফের ভাইরাল। এখানেই শেষ নয়। ম্যাচের পর বেলজিয়াম ফুটবল ফেডারেশন জয়ের সেলিব্রেশনের ছবি পোস্ট করে। সঙ্গে লেখে, 'এটা প্রত্যাহার করে দেখাও।' তোপ দাগতে ছাড়েননি বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি তিলেমানস। তিনি বলেন, "সত্যি বলতে, ওই লাল কার্ড প্রত্যাহারের খবর শোনার পর আমরা মিটিং করেছিলাম। ঠিক করেছিলাম যে, মাঠেই জবাব দিতে হবে। আমরা সেই তাগিদটা নিয়েই খেলেছি।"

উল্লেখ্য, ফোলারিন বালোগান বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বালোগান। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। বালোগানের শাস্তি তুলতে আইনের এমন একটা ধারা আমদানি করা হয়, যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত ওয়াকিবহালই ছিলেন না কোনও অতি বড় ফুটবল ভক্তও। বিশ্বকাপের মতো মঞ্চে ব্যবহার তো পরের কথা। ঘটনাটা একেবারেই ভালোভাবে নেয়নি ফুটবল দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement