shono
Advertisement
Spain vs Cape Varde Preview

স্পেনের সামনে কেপ ভার্দে, কাপ অভিষেকে লামিনের কাঁটা পাঁচ লক্ষের পড়শি

কেপ ভার্দের জনসংখ্যা কমবেশি পাঁচ লক্ষ। সেখানে স্পেনের নথিবদ্ধ ফুটবলের সংখ্যাই অন্তত দশ লক্ষ। কেপ ভার্দের জনসংখ্যার দ্বিগুণ। কিন্তু 'দুগ্ধপোষ্য' দল থাকলেও সাবধানী কোচ ফুয়েন্তে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:59 PM Jun 15, 2026Updated: 04:51 PM Jun 15, 2026

স্পেনের উপকূল থেকে সমুদ্রপথে কেপ ভার্দের দূরত্ব খুব বেশি নয়। মেরেকেটে সাড়ে তিন হাজার কিলোমিটার। পর্তুগাল থেকে তা আরও কম। হাজার দুয়েক মাইল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নানির মতো পর্তুগিজ মহাতারকার পরিবার একসময়ে জড়িয়ে ছিল পশ্চিম আফ্রিকা উপকূলের এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে। সেই দেশটাই এবার উঠে এসেছে ফুটবলের শ্রেষ্ঠতম প্রতিযোগিতার মঞ্চে। সোমবার যাদের প্রথম লড়াই প্রতিবেশী স্পেনের সঙ্গে (Spain vs Cape Varde Preview)।

Advertisement

ধারে-ভারে-ফুটবল সংস্কৃতিতে স্পেনের সঙ্গে তুলনাই হয় না কেপ ভার্দের। পশ্চিম আফ্রিকার দেশটির জনসংখ্যা কমবেশি পাঁচ লক্ষ। সেখানে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দেশে নথিবদ্ধ ফুটবলের সংখ্যাই অন্তত দশ লক্ষ। কেপ ভার্দের জনসংখ্যার দ্বিগুণ। আর লুইস দে লা ফুয়েন্তের দলের যা সাম্প্রতিক ফর্ম, তাতে অঘটনের পক্ষে বাজি ধরার মতো লোক নেই বললেই চলে। আসলে স্পেনের লড়াই অনেকটাই নিজেদের সঙ্গে। ষোলো বছর আগে প্রথম ও শেষবার বিশ্বজয়ী হয়েছিল তারা। তারপর থেকে কেবলই শূন্যতা জুটেছে তাদের বরাতে। জাভি-ইনিয়েস্তাদের স্বপ্নের দল ভেঙে গিয়েছিল ২০১৪ সালে। তার দু'বছর আগে ইউরোজয়ী টিমটা মুখ থুবড়ে পড়েছিল ব্রাজিলে। প্রথমে কনফেডারেশন কাপে, তারপর বিশ্বজয়ের তাজ ধরে রাখার লড়াইয়ে।

সেই স্পেন আবার ঘুরে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে। ফুয়েন্তে কোচ হয়ে আসার পর। একটা করে ইউরো আর নেশনস লিগ এসেছে তাঁর আমলে। তবে ফুটবলের শ্রেষ্ঠতম মঞ্চে সোমবার কেপ ভার্দের মতো অভিষেক হবে কোচ ফুয়েন্তেরও। শেষ দু'টো বিশ্বকাপেই রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিতে হয়েছে স্পেনকে। দু'বারই টাইব্রেকারে হেরে। প্রতিপক্ষ ছিল যথাক্রমে রাশিয়া এবং মরক্কো। তাই এবার শুরুতেই সামনে কেপ ভার্দের মতো 'দুগ্ধপোষ্য' দল থাকলেও সাবধানী কোচ ফুয়েন্তে।

মার্কিন মুলুকের গরম বেশ ভোগাচ্ছে সব দলকেই। তাই প্র্যাকটিসে বিশেষ 'ভেস্ট' পরছেন লামিন ইয়ামাল-পেদ্রিরা। যা কি না ফুটবলারদের শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। আসলে এক যুগ পর ইউরো জয়ের পর স্পেনের লক্ষ্য বিশ্বকাপ-খরা কাটানো। বিশ্বকাপে সাফল্য পাওয়ার ক্ষেত্রে দুই উইঙ্গারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ স্পেনের জন্য। এরমধ্যে নিকো উইলিয়ামস গত বিশ্বকাপে খেললেও লামিন ইয়ামাল রয়েছেন অভিষেকের অপেক্ষায়। ১৮ বছরেই ক্লাব আর দেশের জার্সিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। তাঁর উপর অনেকটাই নির্ভর করছে স্পেনের ভাগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement