shono
Advertisement
FIFA World Cup 2026

'সর্বকালের অন্যতম সেরা', পর্তুগালের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর পাশে স্প্যানিশ মিডফিল্ডার

বার্সেলোনার এই তারকা মনে করেন, রোনাল্ডোকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা ঠিক নয়। তাঁকে কখনওই ছোট করে দেখা উচিত নয়।
Published By: Prasenjit DuttaPosted: 09:47 PM Jul 05, 2026Updated: 10:44 PM Jul 05, 2026

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইগোর জন্যই পিছিয়ে পড়ছে পর্তুগাল। দিন কয়েক আগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুইডেনের প্রাক্তন তারকা স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। অনেকেই আবার মনে করেন, রোনাল্ডোকে সামনে রেখে খেললে পর্তুগালের থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এই পরিস্থিতিতে সিআর ৭-এর পাশে দাঁড়ালেন স্পেনের মিডফিল্ডার গাভি। পর্তুগালের বিরুদ্ধে শেষ ষোলোর মহারণে নামার আগে বার্সেলোনার এই তারকা জানালেন, রোনাল্ডোকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা ঠিক নয়। সর্বকালের অন্যতম সেরা এই মহাতারকা ম্যাচের মোড় যে কোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন।

Advertisement

পর্তুগাল বনাম স্পেন ম্যাচে দেখা হবে দুই প্রজন্মের দ্বৈরথ। একদিকে রোনাল্ডো, অন্যদিকে ইয়ামাল। তার আগে পর্তুগিজ মহাতারকাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন একাংশ। যদিও তাতে বিশেষ আমল দিচ্ছেন না গাভি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি সব সময় এসব কথা শুনি। কিন্তু যারা এসব বলে, তারা তো রোনাল্ডোর সঙ্গে খেলেনি। তারা কেবলই দর্শক। যারা ওর সঙ্গে দলে রয়েছে, তারা সবাই ওকে সম্মান করে। আমার মতে, রোনাল্ডো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। যে কোনও মুহূর্তে একাই খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে।" স্পেন-পর্তুগাল ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, "ওদের শক্তিশালী মাঝমাঠকে সামলাতে পারলে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।"

গাভি। ছবি সংগৃহীত।

গাভির সংযোজন, "এখন পর্যন্ত পর্তুগালই আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ওরা খুবই শক্তিশালী দল। দারুণ সব ফুটবলার আছে। তবে আমরা যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, জেতা সম্ভব। আমাদের দলেও অনেক ভালো ফুটবলার রয়েছে। স্পেনের সবচেয়ে বড় শক্তি হল দলের গভীরতা।"

আগ্রাসী ফুটবল খেলার জন্য সমালোচনা হলেও নিজের খেলার ধরন বদলানোর কোনও ইচ্ছা নেই বলেও জানান তিনি। গাভি বলেন, "অনেকেই আমার খেলার দিকে নজর রাখে। কারণ আমি কঠিন ট্যাকল করি। এটা হয়তো অনেকের ভালো লাগে না। কিন্তু আমি মনে করি, আমি একজন পরিপূর্ণ ফুটবলার। আমার সবচেয়ে বড় শক্তি জেতার মানসিকতা। মাঠে সব সময় শতভাগ দেওয়ার চেষ্টা করি। মানুষ সমালোচনা করতেই পারে। কিন্তু সে কারণে আমি খেলার ধরন কখনও বদলাব না।" 

অস্ট্রিয়ার বিপক্ষে বদলি হিসাবে নেমেছিলেন গাভি। তবে একাদশে থাকুন বা বেঞ্চে, দলের প্রয়োজনে সব সময় নিজেকে প্রস্তুত রাখার কথাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, "আমি সব সময় দলের জন্য প্রস্তুত থাকি। প্রথম একাদশে খেলি বা বদলি হিসাবে নামি, তাতে কোনও সমস্যা নেই। কোচ আমার উপর ভরসা করেন, এটা আমি জানি। তিনি যখনই ডাকবেন, আমি খেলার জন্য প্রস্তুত। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একসঙ্গে থাকতে হয়। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। সুযোগ পেলে যে কেউ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement