shono
Advertisement
Michael Olise

ট্রাম্পের গা-জোয়ারিতে আমেরিকায় 'সঙ্গীহীন' ওলিসে, ঝাপসা ছবিতে প্রতিবাদ ফরাসি তারকার!

বিশ্বকাপের আগে আচমকাই ইনস্টাগ্রামের সব ছবি ডিলিট করে দেন ওলিসে। এবার ঝাপসা ছবি আপলোড করছেন ওলিসে।
Published By: Arpan DasPosted: 02:48 PM Jul 14, 2026Updated: 03:15 PM Jul 14, 2026

ঝাপসাতেই সুন্দর! ঝাপসাতেই প্রতিবাদ! বিশ্বকাপ (FIFA World Cup 2026) মাতিয়ে দিয়েছেন মাইকেল ওলিসে (Michael Olise)। ফরাসি তারকা গোল পাননি ঠিকই। কিন্তু পাঁচটা অ্যাসিস্ট হয়ে গিয়েছে। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চর্চায় ওলিসের আরও একটি কাণ্ড। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রাম থেকে হঠাৎ করে সব ছবি উড়িয়ে দেন ওলিসে। আর এখন সব ঝাপসা ছবি আপলোড করছেন। যেন কোনও বাচ্চার তোলা। না, তা নয়। সোশাল মিডিয়ার দাবি, এটা ওলিসের 'প্রতিবাদ'।

Advertisement

ফরাসি তারকা খেলেন জার্মানির বায়ার্ন মিউনিখে। মাঝে চর্চা শুরু হয়েছিল, রিয়াল মাদ্রিদ তাঁকে কিনতে চায়। সেই সময় ওলিসে আচমকা সব ছবি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দেন। যেখানে বায়ার্নে খেলার সময় ছবিও ছিল। তখন অনেকে মনে করেছিলেন, হয়তো মাদ্রিদে চলে আসবেন বলেই এই কাণ্ড করেছেন। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই নতুন ছবি আপলোড করা শুরু করেন। সেখানে সব ছবি আবছা-ঝাপসা। হয়তো কোনও বাচ্চার তোলা। কিংবা টিভি স্ক্রিন থেকে তোলা হয়েছে। তবু কেন সেই ছবিগুলোই আপলোড করছেন ওলিসে?

সোশাল মিডিয়ায় চর্চা, এটা তাঁর প্রতিবাদ। যেখানে দাবি করা হয়েছে, ফরাসি তারকার ব্যক্তিগত ফটোগ্রাফারের নাম ফ্লোরেন্স পেরনেট। ক্লাব বা জাতীয় দলে ওলিসের সেই ছবি তিনিই তোলেন। কিন্তু ফ্লোরেন্সকে নাকি আমেরিকায় ঢুকতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প সরকার। বিশ্বকাপে রেফারি থেকে ফুটবলার, অনেকেই আমেরিকায় ঢোকার অনুমতি পাননি। যেন বিশ্বকাপ ট্রাম্পের 'ব্যক্তিগত সম্পত্তি।' তা নিয়ে বহু প্রতিবাদ হয়েছে। ওলিসেও কি নীরবে সেই প্রতিবাদে শামিল? তাই না থেকেও তাঁর ফটোগ্রাফার হিসেবে সঙ্গে আছেন ফ্লোরেন্স।

নিজের টিভিতে খেলা দেখছেন ফ্লোরেন্স। স্বাভাবিকভাবেই সেগুলো ঝাপসা-অস্পষ্ট। ওলিসে তাঁর ফটোগ্রাফারের পাশে দাঁড়িয়ে সেই ছবিগুলোই আপলোড করছেন। তবে এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ওলিসে। অবশ্য অন্য একটি মতও আছে। যেখানে বলা হচ্ছে, ফ্লোরেন্স ওলিসের ব্যক্তিগত ফটোগ্রাফার নন। আর কোনও প্রতিবাদ নয়, ইচ্ছাকৃত ঝাপসা ছবি আপলোড করছেন ওলিসে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement