shono
Advertisement

চ্যাম্পিয়ন হতে মিনার্ভাকে টাকার টোপ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উঠল গড়াপেটার অভিযোগ

কী প্রতিক্রিয়া ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের? The post চ্যাম্পিয়ন হতে মিনার্ভাকে টাকার টোপ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উঠল গড়াপেটার অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:38 PM Mar 07, 2018Updated: 11:13 AM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার আই লিগের চূড়ান্ত লড়াই। তার আগেই জমজমাট মাঠের বাইরের লড়াইটা। ফের কলকাতার দলের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার মতো বিস্ফোরক অভিযোগ তুললেন মিনার্ভা মালিক রঞ্জিত বাজাজ। তাঁর অভিযোগ, শেষ ম্যাচ হারার জন্য মিনার্ভা কোচ খগেন সিংকে অর্থের প্রলোভন দেখিয়েছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, চেন্নাই বনাম মিনার্ভা ম্যাচেও চেন্নাই কোচকে টাকার টোপ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

[লক্ষ্মীবারে আই লিগের ক্লাইম্যাক্স, তার আগে টেনশনে ঘুম উড়েছে চার কোচের]

বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে চার্চিলকে হারাতে পারলেই প্রথমবারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে পাঞ্জাবের দলটি। অন্যদিকে, লাজংয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় আই লিগ জয়ের আশা আরও ক্ষীণ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। মিনার্ভা না হারলে কোনওভাবেই চ্যাম্পিয়ন হতে পারবে না খালিদ জামিলের দল। আর সেই কারণেই নাকি মিনার্ভা কোচকে টাকার টোপ দেওয়ার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। অর্থাৎ টাকা দিয়েই যে লাল-হলুদ শিবির ট্রফি কিনতে চাইছে, তেমন অভিযোগই তুলে দিলেন মিনার্ভা মালিক। ইতিমধ্যেই AIFF ইন্টিগ্রিটি অফিসার জাভেদ সিরাজের কাছে অভিযোগ দায়ের করেছেন রঞ্জিত বাজাজ। ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত্ত বলেন, “ইন্টিগ্রিটি অফিসারই বিষয়টি খতিয়ে দেখবেন। কোনও প্রমাণ মিললে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের। তিনি বলেন, “যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। আগে সত্যিটা প্রমাণ হোক। তারপর দোষীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে।” তবে ময়দানের নীতুদার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই হয়তো এমন অভিযোগ বারবার তুলছেন মিনার্ভা মালিক। ডিসাইডার ম্যাচের আগে অন্যদের চাপে ফেলারই স্ট্র্যাটেজি এটা। যদিও তাতে খুব একটা লাভ হবে না। এ দেশের ফুটবলে এমন সংস্কৃতি ছিল না। মিনার্ভা মালিক এসব অভিযোগ তুলে ফুটবলেরই ক্ষতি করছেন বলে মত দেবব্রতর।

[পরকীয়ায় জড়িত শামি, ফেসবুকে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর]

তবে এই প্রথমবার নয়। এর আগেও তাঁর ফুটবলারদের ম্যাচ গড়েপেটার জন্য টাকার লোভ দেখানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন রঞ্জিত বাজাজ। টুইট করেছিলেন, দলের দুই ফুটবলারকে প্রায় ৩০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তখন কোনও ক্লাবের নাম উল্লেখ করেননি তিনি। তবে এবার সরাসরি ইস্টবেঙ্গলের দিকে আঙুল উঠল। আই লিগ চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণাও করেছেন রঞ্জিত। কিন্তু এমন অভিযোগ আই লিগের ক্লাইম্যাক্সের আগের দিন চাঞ্চল্য ছড়িয়েছে ময়দান। এখন দেখার, মিনার্ভা কর্ণধারের অভিযোগ আদৌ সত্য কিনা।

The post চ্যাম্পিয়ন হতে মিনার্ভাকে টাকার টোপ, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উঠল গড়াপেটার অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার