এবার ডুরান্ড কাপ দেখা যাবে বাংলাতেও। বর্তমানে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাচ্ছে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। কিন্তু বাংলা ভাষাই বা বাদ যায় কেন? সেই ঘোষণাই করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোশাল মিডিয়ায় জানিয়ে দিলেন কোন কোন ম্যাচ বাংলায় সম্প্রচার হবে।
গ্রুপ পর্বের ম্যাচ শেষ। এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। ইতিমধ্যে রায়েংদাইকে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি। রবিবারই আর্মি দলের বিরুদ্ধে নেমেছে ইস্টবেঙ্গল। জিতলে শেষ চারে সামনে পাবে দিল্লিকে। অন্যদিকে মোহনবাগানের রাস্তা তুলনায় কঠিন। সোমবার যুবভারতীতে সামনে জামশেদপুর এফসি। সেই ম্যাচ জিতলে সেমিতে সামনে পাবে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড বা শিলং লাজংকে। সবুজ-মেরুনের জন্য কাজটা আরও কঠিন, কারণ সেমিতে ম্যাচ পড়বে শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে।
তবে সেমিফাইনালের দু'টি ম্যাচ ও ফাইনাল ম্যাচটি বাংলাতেও দেখা পাবে। সেটা দেখা যাবে সোনি ৮ চ্যানেলে। ডুরান্ড ম্যাচগুলো সোনি স্পোর্টস নেটওয়ার্কেই সম্প্রচার হয়। তবে সেটা মূলত হত ইংরেজিতে। এবার তাতে জুড়ল বাংলা ভাষাও। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এদিন সোশাল মিডিয়ায় জানিয়েছেন, 'পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীদের একটা দারুণ খবর জানাই। ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো সোনি আট টিভি চ্যানেলেও দেখা যাবে। যাঁরা বিভিন্ন কারণে স্টেডিয়ামে আসতে পারবেন না, তাঁদের জন্য।'
ডুরান্ডের সেমিফাইনাল পর্ব শুরু হবে ১৯ আগস্ট থেকে। ১৯ ও ২০ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ। ফাইনাল ২৩ আগস্ট সন্ধ্যা ৫টা থেকে যুবভারতীতে। তবে সেখানে ফের ডার্বি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
