জটিলতা কাটতে না কাটতেই আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে শর্ত রাখল ইরান ফুটবল ফেডারেশন। তারা রবিবার জানিয়েছে, ইরান অবশ্যই ২০২৬ বিশ্বকাপে খেলবে। কিন্তু তাদের ফুটবলার, সকল সদস্য এবং কর্মকর্তাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। এছাড়াও তারা আরও বেশ কিছু শর্ত সামনে রেখেছে।
শর্তগুলির মধ্যে অন্যতম হল, ইরানের সামরিক বাহিনীর শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর যে সমস্ত সদস্য ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাঁদের ভিসা মঞ্জুর করতে হবে। ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ বলেছেন, ‘‘জাতীয় দলের প্রতিটি ফুটবলার, টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যাঁরা আইআরজিসির সদস্য, তাঁদের ভিসা নিশ্চিত করতে হবে। কোনওরকম সমস্যার মধ্যে যেন তাঁরা না পড়েন। একইসঙ্গে তাঁদের সঙ্গে ব্যবহারও মধুর করতে হবে।’’
ইরানের এই শর্তের পিছনে রয়েছে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। গত মাসে কানাডায় ফিফা কংগ্রেসে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর সঙ্গে আইআরজিসির সম্পর্ক রয়েছে, এই অভিযোগে তাঁকে ভিসা দেওয়া হয়নি।
ইরানের এই শর্তের পিছনে রয়েছে কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। গত মাসে কানাডায় ফিফা কংগ্রেসে ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর সঙ্গে আইআরজিসির সম্পর্ক রয়েছে, এই অভিযোগে তাঁকে ভিসা দেওয়া হয়নি। কানাডা কিছুদিন আগেই আইআরজিসি-কে সন্ত্রাসবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছে। ফলে মেহদি তাজের সম্পর্কের কথা জানার পরই তাঁকে ভিসা দিতে বেঁকে বসে কানাডা। এমনিতে, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি। এই অভিযানের পরিপ্রেক্ষিতে শুরুতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল। অবশেষে কয়েকদিন আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ইরান বিশ্বকাপে খেলবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শুরুতে বিতর্কিত মন্তব্য করেছিলেন। কিন্তু তিনিও শেষপর্যন্ত ইরানকে স্বাগত জানিয়েছেন। তবে এখনও ইরানের নাগরিকদের মার্কিন ভিসা পাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাজ আরও জানিয়েছেন যে, ইরানের জাতীয় দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সপ্তাহ দু'য়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের ফুটবলারদের স্বাগত। কিন্তু আইআরজিসির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা দেওয়া হবে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর মেহদি তাজ বলেছেন, ‘‘আমাদের বিশ্বাস, সংস্কৃতি এবং আদর্শ থেকে বিচ্যুত না হয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই আমরা।’’
