মাসখানেক আগে পাকিস্তানের 'ভারত বয়কট নাটকে'র সাক্ষী ছিল ক্রিকেটদুনিয়া। এবার কিছুটা একই পথে হাঁটছে ইরানও! যুদ্ধের প্রতিবাদে ফিফা বিশ্বকাপ বয়কট করবে ইরান, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু সেই অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি। বৃহস্পতিবার ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ জানিয়েছেন, বিশ্বকাপ নয়, ইরানের উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বয়কট করা।
দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না ইরান। নিজেদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। সেই গুঞ্জনেই বৃহস্পতিবার সিলমোহর দিলেন মেহদি। স্পষ্ট জানিয়ে দিলেন, "বিশ্বকাপ বয়কটের কথা মোটেই ভাবছে না ইরান। জোর কদমে চলছে বিশ্বকাপের প্রস্তুতি। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, বিশ্বকাপকে নয়।" তাহলে কি আমেরিকার বিরুদ্ধে খেলতে নামবেন না ইরানের ফুটবলাররা?
এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম। তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে ইরানের ম্যাচগুলি মেক্সিকোয় আয়োজন করা যেতেই পারে। কারণ মেক্সিকোর সঙ্গে বিশ্বের সব দেশেরই সম্পর্ক রয়েছে। তাই ফিফার নির্দেশ পেলেই ম্যাচ আয়োজন করবে মেক্সিকো। কিন্তু প্রশ্ন উঠছে, ফুটবল মাঠেও কি আমেরিকাকে বয়কট করবে ইরান? সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দাবি করেছিল, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে তারা। যদিও শেষ পর্যন্ত খেলতে নেমেছিলেন সলমন আলি আঘারা।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলতে এলে ইরানকে অভ্যর্থনা জানানো হবে। কিন্তু প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে কোনও রকম নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। এরপরই ইরান ফিফার কাছে আরজি জানায় তাঁদের ম্যাচগুলি সব আমেরিকা থেকে মেক্সিকো-তে সরিয়ে দেওয়া হোক। আগামী ১৫ ও ২১ জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটেলে মিশরের সঙ্গে গ্রুপ পর্বের খেলা ছিল ইরানের। সেই ম্যাচ কি মেক্সিকোতে সরিয়ে দেওয়া হবে ইরানের দাবি মেনে?
