মহামেডান ১ (মহিতোষ)
বেঙ্গালুরু ২ (রায়ান, আশিক)
আবারও একটা ম্যাচ এবং আবারও একটা হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এবারের আইএসএলে একেবারেই 'নখদন্তহীন' একটা দল তারা। রেড রোডের ক্লাব যেন অতীতের ছায়া মাত্র। আর সেটাই যেন দিনে দিনে প্রকট হচ্ছে। বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধেও জয় অধরা রইল বিদেশিহীন মহামেডানের। ফলে টানা চার ম্যাচ হারের মুখ দেখে মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেদের সামনে এখন অবনমনের ভ্রূকুটি।
শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে দুই দলই ৪-৪-২ ফর্মেশনে নামে। তবে শুরু থেকেই দাপট লক্ষ করা যায় সুনীল ছেত্রী, রায়ান উইলিয়ামসদের। তাঁদের সামনে কার্যত পিছলে পড়ে সাদা-কালো ব্রিগেড। ২২ মিনিটে রায়ানের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। মহামেডান অবশ্য এরপর বেশ কিছু প্রতি আক্রমণ শানায়। তাতে কাজের কাজ কিছু হয়নি। ৪১ মিনিটে আশিক কুরুনিয়ানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বেঙ্গালুরু। প্রথমার্ধ শেষে স্কোর লাইন ছিল সুনীলদের পক্ষে ২-০।
দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফেরার চেষ্টা করে মহামেডান। লড়াকু ফুটবল উপহার দেয় ব্ল্যাক প্যান্থার্সরা। ৫১ মিনিটে মহিতোষ রায়ের গোলে ব্যবধান কমায় সাদা-কালো বাহিনী। এরপর বেশ কয়েকবার বেঙ্গালুরু অর্ধে আক্রমণ শানালেও সমতায় ফিরতে পারেনি। অন্যদিকে, বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও ব্যবধান বাড়াতে পারেনি বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেনেডি সিংয়ের দল।
চার ম্যাচের সবক'টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রইল মহামেডান। অন্যদিকে, গত ম্যাচে পাঞ্জাব এফসি'র বিরুদ্ধে ০-২ গোলে হেরে কলকাতায় এসে জয় নিয়ে বেঙ্গালুরু ফিরবেন সুনীল ছেত্রীরা। মহামেডানকে হারিয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে উঠে এল বেঙ্গালুরু। ১৪ মার্চ, শনিবার বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা সের্জিও লোবেরার মোহনবাগান।
