shono
Advertisement
East Bengal vs Mohun Bagan

'গুরুত্বহীন' ডার্বিকেও গুরুত্ব দিচ্ছে মোহনবাগান, উলটো ছবি ইস্টবেঙ্গলে, কোথায় কীভাবে কাটবেন টিকিট?

গত কয়েক বছরে লিগ নিয়ে বিশেষ হেলদোল ছিল না সবুজ-মেরুনের। মূলত আরএফডিএলের প্রস্তুতি এবং সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরির মঞ্চ হিসেবেই দেখা হত শতাব্দীপ্রাচীন প্রতিযোগিতাকে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:03 AM Sep 04, 2026Updated: 01:03 PM Sep 04, 2026

দীর্ঘ টালবাহানার পর কলকাতা লিগের ডার্বি (Kolkata Derby) হতে চলেছে সোমবার। প্রথমবারের জন্য ডার্বি হবে বারাসত স্টেডিয়ামে (Barasat Stadium)। প্রায় অর্ধযুগ পর শহরতলির এই মাঠে ফের ম্যাচ খেলবে দুই প্রধান। শুক্রবার দুপুর তিনটে থেকে ডিস্ট্রিক্ট অ্যাপে ডার্বির টিকিট বিক্রি শুরু হবে বলে আইএফএ সূত্রে খবর। সাধারণ দর্শকদের জন্য এবার টিকিটের পুরোটাই গতবারের মতো অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ফুটবল সংস্থা।

Advertisement

এমনিতে লিগের সুপার সিক্সে যাওয়ার বিচারে এবারের ডার্বি 'গুরুত্বহীন'। ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)-দুই দলই ইতিমধ্যে গ্রুপে প্রথম তিনে থাকার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে। গত কয়েক বছরে লিগ নিয়ে বিশেষ হেলদোল ছিল না সবুজ-মেরুনের। মূলত আরএফডিএলের প্রস্তুতি এবং সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরির মঞ্চ হিসেবেই দেখা হত শতাব্দীপ্রাচীন প্রতিযোগিতাকে। তবে এবারের লিগকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে টিম ম্যানেজমেন্ট। তাই রেজিস্ট্রেশন করানো হয়েছে মনবীর সিং, সাহাল আবদুল সামাদ, শুভাশিস বসু, আপুইয়া, লিস্টন কোলাসো, বিশাল কাইথ, রাহুল ভেকে, অ্যালেক্স সাজির মতো সিনিয়র ফুটবলারদের। এরমধ্যে মরশুমের শুরুতে সবুজ-মেরুনে আসা সাজি শেষ কয়েকটা ম্যাচে নিয়মিতভাবে খেলছেন কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা মুখের সঙ্গে। এবার মনবীর, শুভাশিস, সাহালরাও নেমেছেন লিগের ম্যাচে। যা খবর, ডার্বিতে এই তিন ফুটবলারের পাশাপাশি খেলতে পারেন আপুইয়া। ভাবনায় রয়েছে জাতীয় দলের ডিফেন্ডার রাহুলও। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হচ্ছে, আইএসএলের আগে পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস দেওয়ার জন্যই এবার সিনিয়রদের লিগে খেলানো হচ্ছে।

তবে ভিন্ন পরিস্থিতি ইস্টবেঙ্গলে। গত বছরও লিগের ডার্বিতে কিয়ান-সুহেল-দীপেন্দু বিশ্বাসদের বিরুদ্ধে দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়নারা খেলেছিলেন পিভি বিষ্ণু জেসিন টিকের সঙ্গে। কিন্তু এবার কোচ আন্তোনিও লোপেজ হাবাসের আমলে বদলে গিয়েছে সেই ছবি। ক্লাব সূত্রে খবর, রিজার্ভ দলে সিনিয়র ফুটবলারদের পাঠাতে আগ্রহী নন তিনি। বিষ্ণু-জেসিনরা এবার শুরুর দিকে কয়েকটা ম্যাচে মাঠে নেমেছেন। তবে ডুরান্ড কাপ পুরোদমে শুরু হয়ে যাওয়ার পর আর লিগে খেলেননি তাঁরা। বিষ্ণু আপাতত চোটের জন্য বাইরে। জেসিনেরও গোড়ালিতে চোট রয়েছে। পাশাপাশি ১৬ সেপ্টেম্বর জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এসিএল ২-তে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। ফলে এবার এডমুন্ডদের খেলতে দেখা যাবে কি না, তা স্পষ্ট নয়। সেক্ষেত্রে তন্ময় দাস-আকাশ হেমব্রমদের নিয়েই ডার্বিতে নামবে লাল-হলুদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement