shono
Advertisement
Mohun Bagan

সামনে জামশেদপুর এফসি, মিগুয়েলকে ছাড়াই আজ ডুরান্ড কোয়ার্টারে নামছে মোহনবাগান

খেলার মতো জায়গায় নেই সদ্য কলকাতায় পা দেওয়া ছাংতেও।
Published By: Prasenjit DuttaPosted: 10:07 AM Aug 17, 2026Updated: 03:20 PM Aug 17, 2026

প্রতিপক্ষ বিদেশিহীন জামশেদপুর এফসি। খাতায়কলমে মোহনবাগানের (Mohun Bagan) এই ম্যাচ জিততে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। সোমবার ডুরান্ড কোয়ার্টার ফাইনালের আগের দিন মোহনবাগানের অনুশীলনে নামলেন না মিগুয়েল ফিগুয়েরা। মোহনবাগান কোচ প্যানজিওটিস দিলেমপেরিস জানিয়েছেন পিঠের ব্যথার জন্য এই ম্যাচে পাওয়া যাবে না এই ব্রাজিলীয় মিডিওকে। একইসঙ্গে খেলার মতো জায়গায় নেই সদ্য কলকাতায় পা দেওয়া ছাংতেও। আগের ম্যাচেও মিগুয়েলকে পরিবর্ত হিসাবে নামানোর পরিকল্পনা থাকলেও মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসকে পরিকল্পনা বদলাতে হয়েছিল।

Advertisement

এই মুহূর্তে ডার্বি জয়ের পর থেকেই ছন্দে রয়েছে মোহনবাগান। অ‌্যালবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচের মতো বিদেশিরা দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দ্রুত। বারবার মোহনবাগান কোচ বলছেন যত সময় যাবে, এই দলটা ছন্দে ফিরবে আরও। ম্যাচ টাইব্রেকারে গেলে যাতে সমস্যা না হয় তাই এদিন ম্যাকলারেনদের বেশ কিছুক্ষণ পেনাল্টি অনুশীলনও করালেন প্যানাজিওটিস। এদিন মোহনবাগান কোচ দিলেমপেরিস বলেন, “আমি ডুরান্ড কাপে জামশেদপুরের সব ম্যাচ দেখেছি। গতবারের আইএসএলে ধারাবাহিকভাবে খেলা ছয়-সাতজন ফুটবলার এবারের দলে আছে। অভিজ্ঞ কোচ রয়েছে। ওদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছি। ওদের বিদেশি আছে কী, না আছে সেটা নিয়ে ভাবছি না। ভালো দল হিসাবেই দেখছি।”

কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। আশিস রাই আসতে পারেন প্রথম একাদশে। চোট কাটিয়ে ফিরতে পারেন আপুইয়াও। গত ম্যাচে দেজন দ্রাজিচ আর জেমি ম্যাকলারেন পরিবর্ত হিসাবে শুরু করলেও এই ম্যাচে প্রথম একাদশেই শুরু করতে পারেন এই দুই বিদেশি। বিদেশি না থাকলেও জামশেদপুরে রয়েছেন প্রণয় হালদার, আমন সিকের মতো ফুটবলার।

গ্রুপ শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। যদি এই ম্যাচ জিতে সেমিফাইনালে তাঁরা যায়, তাহলে সেই সেমিফাইনাল খেলতে হবে শিলংয়ে। তাই কম সময় থাকায় কোয়ার্টার ফাইনালে নামার আগে থেকেই সেমিফাইনালের বিমান টিকিট আর হোটেল বুকিং করার কাজ শুরু করতে হয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে। এত দ্রুত সময়ের মধ্যে হোটেল আর একই বিমানে সব ফুটবলারদের টিকিট না পাওয়ায় সমস্যায় সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও সেমিফাইনাল যদি বাইরের মাঠে খেলতে হয় তা নিয়ে খুশি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার ডুরান্ডের সেমিফাইনাল ও ফাইনাল বাংলা ভাষায় সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোনি আট চ্যানেলে বাংলা সম্প্রচার হবে বলে জানা গিয়েছে।

আজ ডুরান্ড কাপে
মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
যুবভারতী, বিকেল ৪.০০
সোনি টিভি নেটওয়ার্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement