ফুটবল মাঠে বল গ্যালারিতে চলে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু সেই বল যদি সোজা গিয়ে পড়ে ব্যস্ত হাইওয়ের মাঝখানে? আর তাকে বাঁচাতে গিয়ে যদি ঘটে যায় দুর্ঘটনা? উরুগুয়ের দ্বিতীয় ডিভিশনের এক ম্যাচে এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
ঘটনাটি উরুগুয়ের এস্তাদিও পারকে আনকাপে। মুখোমুখি উরুগুয়ে মন্টেভিডিও এবং পায়সান্দু। ম্যাচের বয়স তখন ২৪ মিনিট। মন্টেভিডিওর এক ডিফেন্ডার বল ক্লিয়ারেন্স করতে গিয়ে এমন জোরে বল মারেন যে, তা গ্যালারিতে গিয়ে না পড়ে পাঁচিলের সীমানা টপকে পড়ে পাশের ব্যস্ত রাস্তায়। তার পরেই বিপত্তি! রাস্তায় আচমকা ফুটবল পড়ে থাকতে দেখে হতচকিত হয়ে যান একটি সাদা গাড়ির চালক। জোরে ব্রেক কষেন। পিছনের গাড়িটি সেই মুহূর্তে গতি সামলাতে পারেনি। ফলে ধাক্কা লাগে সামনের গাড়িতে। ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। সেই সময় দুর্ঘটনাকবলিত গাড়িটিকে রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়। মিনিট ১৫ পর যান চলাচল স্বাভাবিক হয়। তার পর ফের শুরু হয় খেলা। ভাগ্য ভালো, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও চালক বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি। তবে ব্যস্ত মহাসড়কে এমন ঘটনা যে বড় বিপদ ডেকে আনতে পারত, তা নিয়ে সন্দেহ নেই।
ম্যাচের কথায় আসা যাক। জয়ের হাসি হাসে উরুগুয়ে মন্টেভিডিওর। ১-০ গোলে তারা হারায় পায়সান্দুকে। তবে ম্যাচের ফল নয়, লাইমলাইটে মাঠের বাইরের ঘটনা। হাইওয়ের পাশে এমন একটা মাঠে ফুটবল ম্যাচ হওয়া নিয়েও প্রশ্ন উঠছে। এমন ঘটনার পর স্টেডিয়ামের পাঁচিল আরও উঁচু করার কথাও বলা হচ্ছে। বড় কোনও বিপদ হয়নি ঠিকই। কিন্তু ফুটবল যদি আবারও মাঠের সীমানা পেরিয়ে হাইওয়েতে পৌঁছে যায়, পরের বার বড় কোনও ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা কোথায়?
