গোটা ইরানকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে ইরানকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন! এমনটাই দাবি করেছে এক সংবাদমাধ্যম। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। প্রায় দুমাস ধরে চলা যুদ্ধে আপাতত অনির্দিষ্টকালের জন্য সংঘর্ষবিরতির ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু তারমধ্যেই ফুটবল নিয়ে যুদ্ধ শুরু হতে চলেছে দুপক্ষের মধ্যে।
ফিনানশিয়াল টাইমস নামে এক সংবাদপত্রের দাবি, বিশেষ মার্কিন দূত পাওলো জাম্পোলি কথা বলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোর সঙ্গে। প্রস্তাব দিয়েছেন, বিশ্বকাপ থেকে 'বিতাড়িত' করা হোক ইরানকে। তার পরিবর্তে মেগা টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হোক ইটালিকে। উল্লেখ্য, চারবারের চ্যাম্পিয়ন ইটালি এবারেও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ইরান যথাযথ প্রক্রিয়া মেগা টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে। এহেন পরিস্থিতিতে পাওলোর দাবি, বিশ্বকাপে খেলার মতো ফুটবল ঐতিহ্য আছে ইটালির। তাদের সুযোগ দেওয়াটা যুক্তিযুক্ত। উল্লেখ্য, পাওলো নিজেই ইটালীয় বংশোদ্ভূত।
উল্লেখ্য, যুদ্ধের আবহে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় রয়েছে। শোনা গিয়েছিল, আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে চায় না ইরান। নিজেদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। সেই গুঞ্জনেই সিলমোহর দেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ। স্পষ্ট জানিয়ে দেন, “বিশ্বকাপ বয়কটের কথা মোটেই ভাবছে না ইরান। জোর কদমে চলছে বিশ্বকাপের প্রস্তুতি। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, বিশ্বকাপকে নয়।” তবে ফিফা সেই আবেদন নাকচ করে দিয়েছে।
যদিও ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের দল পুরোদমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরান যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপের টিকিট অর্জন করেছে। ইরানের ফুটবলাররা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করতে আগ্রহী এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তা সত্ত্বেও 'ষড়যন্ত্র' শুরু করেছেন মার্কিন দূত। শেষ পর্যন্ত ইরান কি বিশ্বকাপে খেলবে? নাকি মার্কিন ষড়যন্ত্রে ইটালি নেমে পড়বে বিশ্বকাপে?
