ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে জনস্বাস্থ্য সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ ফ্রান্সের। দেশের একাধিক তাপপ্রবাহ-কবলিত এলাকায় সাময়িকভাবে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। কারণ, চিকিৎসকদের সতর্কবার্তা, প্রচণ্ড গরমে অ্যালকোহল শরীরকে আরও দ্রুত ডিহাইড্রেশনের দিকে ঠেলে দেয়, বাড়ায় হিট এগজশন, হিটস্ট্রোক এবং হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি।
সম্প্রতি ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। একই সময়ে স্পেনে ২১ জুনের পর থেকে তাপপ্রবাহজনিত কারণে ২০০-রও বেশি মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রোগীর চাপ কমাতে এবং জনস্বাস্থ্য রক্ষায় কড়া সিদ্ধান্ত নিল ফরাসি প্রশাসন।
গরম থেকে রেহাই পেতে। ছবি: সংগৃহীত
কেন গরমে অ্যালকোহল এত বিপজ্জনক?
প্রচণ্ড গরমে শরীর ঘাম ও ত্বকের রক্তপ্রবাহ বাড়িয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। কিন্তু অ্যালকোহল সেই স্বাভাবিক প্রক্রিয়াতেই বাধা সৃষ্টি করে। অ্যালকোহল শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত জল বের করে দেয়। অন্যদিকে, গরমে ঘামের কারণেও প্রচুর তরল বেরিয়ে যায়। ফলে অল্প সময়ের মধ্যেই শরীরে জলের ঘাটতি দেখা দেয়। এই ডিহাইড্রেশন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয় এবং দ্রুত অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ায়।
শুধু তাই নয়, অ্যালকোহল রক্তনালিকে প্রসারিত করে রক্তচাপ কমিয়ে দিতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা, অজ্ঞান হয়ে যাওয়া বা পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কাও বেড়ে যায়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে।
গরমে মদ্যপানে বাড়ে একাধিক স্বাস্থ্যঝুঁকি। ছবি: সংগৃহীত
হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে কয়েক গুণ
অ্যালকোহল মানুষের বিচারবুদ্ধি ও সতর্কতা কমিয়ে দেয়। ফলে তেষ্টা, মাথাব্যথা, পেশিতে টান, বমিভাব, অতিরিক্ত ক্লান্তি বা বিভ্রান্তির মতো হিট এগজশনের প্রাথমিক লক্ষণ অনেকেই বুঝতে পারেন না। অনেকেই অসুস্থ বোধ করলেও রোদে থাকেন বা পর্যাপ্ত জল পান করেন না।
এর ফলে পরিস্থিতি দ্রুত হিটস্ট্রোকে রূপ নিতে পারে। হিটস্ট্রোক একটি প্রাণঘাতী জরুরি অবস্থা, যেখানে শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এতে মস্তিষ্ক, হৃদ্যন্ত্র ও কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।
কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে?
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে—
- প্রবীণদের
- শিশুদের
- গর্ভবতী নারীদের
- হৃদ্রোগ, ডায়াবেটিস, কিডনির অসুখ বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের
- এ ছাড়া খোলা জায়গায় কনসার্ট বা কোন অনুষ্ঠানে দীর্ঘক্ষণ রোদে থেকে মদ্যপান করলে এবং পর্যাপ্ত জল না খেলে বিপদ আরও বেড়ে যায়।
গরমে হাঁসফাঁস দশা ফ্রান্সসহ গোটা ইউরোপের। ছবি: সংগৃহীত
তাপপ্রবাহে সুস্থ থাকতে কী করবেন?
- দিনে যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, তখন মদ্যপান এড়িয়ে চলুন
- নিয়মিত পর্যাপ্ত জল পান করুন, তেষ্টা না পেলেও
- অতিরিক্ত ঘাম হলে ওআরএস পান করুন
- দুপুরের কড়া রোদে অপ্রয়োজনে বাইরে বেরোবেন না
- হালকা রঙের, ঢিলেঢালা পোশাক পরুন
- তেষ্টা মেটাতে কখনও অ্যালকোহলের উপর নির্ভর করবেন না
- মাথা ঘোরা, বমিভাব, দ্রুত হৃদ্স্পন্দন, বিভ্রান্তি বা শরীর অস্বাভাবিক গরম হয়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও ঘন ঘন এবং তীব্র হচ্ছে। তাই বিশেষজ্ঞদের মতে, চরম গরমে অ্যালকোহল থেকে দূরে থাকা শুধু একটি অভ্যাসের পরিবর্তন নয়, এটি জীবন বাঁচানোরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
