উলটো রথযাত্রার শুভ তিথিতে ফুসফুসের চিকিৎসায় নয়া মাইলফলক স্পর্শ করল কলকাতার রুবি জেনারেল হাসপাতাল। রোগীদের উন্নত পরিষেবা দিতে চালু হল ১০ শয্যার অত্যাধুনিক রেসপিরেটরি কেয়ার ইউনিট (RCU)। জটিল ও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের নতুন আশা জোগাবে এই উদ্যোগ।
নিজস্ব ছবি
তিন বিশিষ্ট ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট ডা. শুভঙ্কর চক্রবর্তী, ডা. দেবপ্রসাদ দাস এবং ডা. ঋক্সোম চ্যাটার্জির দক্ষ নেতৃত্বে গড়ে উঠেছে এই বিশেষ ইউনিট। নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার এবং সাধারণ শ্বাসযন্ত্রের চিকিৎসার মধ্যকার ব্যবধান মেটানোই এর মূল উদ্দেশ্য। রোগীদের জন্য এখানে মিলবে ২৪ ঘণ্টার বিশেষায়িত চিকিৎসা পরিষেবা। ফিতে কেটে ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন হাসপাতালের চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ডা. জয়দীপ ভট্টাচার্য ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান ডা. রিমিতা দে।
নিজস্ব ছবি
ডা. জয়দীপ ভট্টাচার্য জানান, উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি পূরণ করতেই এই সিদ্ধান্ত। নতুন ইউনিটটি চালুর ফলে সাধারণ আইসিইউ-এর ওপর চাপ কমবে। মিলবে আরও লক্ষ্যভিত্তিক পরিষেবা। অন্যদিকে ডা. রিমিতা দে মনে করেন, বর্তমান সময়ে পালমোনোলজি ও ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে সঠিক সমন্বয় অত্যন্ত জরুরি। নতুন এই ইউনিটে নন-ইনভেসিভ ভেন্টিলেশন, হাই-ফ্লো ন্যাজাল অক্সিজেন থেরাপির মতো উন্নত প্রযুক্তি রয়েছে।
দ্রুত ও নিখুঁত রোগ নির্ণয়ের জন্য এখানে রাখা হয়েছে পয়েন্ট-অফ-কেয়ার আল্ট্রাসোনোগ্রাফি এবং লাং আল্ট্রাসাউন্ডের সুবিধা। পাশাপাশি ব্রঙ্কোস্কোপি, ইবাস ও থোরাকোস্কোপির মতো চিকিৎসা দ্রুত সম্পন্ন হবে। জরুরি শ্বাসনালীজনিত সমস্যা মেটাতে রয়েছে জীবনরক্ষাকারী ব্যবস্থা। রিজিড ব্রঙ্কোস্কোপি, ফরেন বডি ও ক্লট অপসারণ, এয়ারওয়ে স্টেন্টিং এবং অতিরিক্ত রক্তকাশির উন্নত চিকিৎসা মিলবে দিনরাত। অ্যানেস্থেসিওলজিস্ট ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সহায়তায় পূর্ব ভারতের রোগীরা এখন একই ছাদের নিচে পাবেন আন্তর্জাতিক মানের শ্বাসযন্ত্রের চিকিৎসা।
