shono
Advertisement
Digital Mucous Cyst

সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!

Sonu Nigam: সোনু নিগমের ক্ষেত্রে চিকিৎসকেরা যে ডিজিটাল মিউকাস সিস্টের কথা জানিয়েছেন, সেটিও একটি নিরীহ সমস্যা। কিন্তু একই জায়গায় বারবার ফিরে এলে শুধু সেটি বাদ না দিয়ে এর কারণ খুঁজে দেখা জরুরি।
Published By: Pritimoy Roy BurmanPosted: 03:11 PM Aug 11, 2026Updated: 03:41 PM Aug 11, 2026

অস্ত্রোপচারের সময়ও গান গাইছেন সোনু নিগম। মহম্মদ রফির বিখ্যাত গান ‘সুহানি রাত ঢাল চুকি’। অস্ত্রোপচারের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তাঁর শারীরিক সমস্যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জানা গিয়েছে, আঙুলে বারবার ফিরে আসা একটি সিস্ট বা বাড়তি অংশের অস্ত্রোপচার হয়েছে তাঁর।

Advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, সেটি ছিল ডিজিটাল মিউকাস সিস্ট, যা সাধারণত আঙুলের শেষ সন্ধি, অর্থাৎ, নখের কাছের সন্ধিস্থলে হয়। বাইরে থেকে সামান্য মনে হলেও এর সঙ্গে আঙুলের গভীরে থাকা সন্ধির সমস্যার যোগ থাকতে পারে।

মুম্বইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক নীলেশ জি সাতভাই, যিনি সোনুর অস্ত্রোপচার করেছেন, জানিয়েছেন এই তথ্য। এর আগে সোনু (Sonu Nigam) জানিয়েছিলেন, স্নায়ুজনিত সমস্যার জন্য তাঁর চিকিৎসা চলছে। একাধিক বার এমআরআই ও সিটি স্ক্যানও করাতে হয়েছে তাঁকে।

সোনু নিগম। ছবি: সংগৃহীত

কী এই ডিজিটাল মিউকাস সিস্ট?
ডিজিটাল মিউকাস সিস্ট হল জেলির মতো তরলভর্তি একটি ছোট থলি। সাধারণত আঙুলের শেষ সন্ধি, অর্থাৎ, ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল (ডিআইপি) সন্ধির কাছে, নখের পাশে এটি দেখা দেয়। অনেক সময় সিস্টটির সঙ্গে ওই সন্ধির সংযোগ থাকে।

চিকিৎসকদের মতে, এই ধরনের সিস্টের সঙ্গে আঙুলের শেষ সন্ধির ক্ষয়জনিত পরিবর্তন, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিসের সম্পর্ক থাকতে পারে। সব ক্ষেত্রে সিস্টে ব্যথা হয় না। তবে এটি বড় বা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এমনকী সিস্টটি নখ তৈরির অংশে চাপ দিলে নখের গঠন বা বৃদ্ধিতেও পরিবর্তন দেখা দিতে পারে।

বারবার ফিরে আসে কেন?
ডিজিটাল মিউকাস সিস্টের (Digital Mucous Cyst) ক্ষেত্রে শুধু বাইরে থেকে দেখা দেওয়া বৃদ্ধির অংশটি বাদ দিলেই সমস্যা মিটে যায় না। কারণ, সন্ধির সঙ্গে সিস্টের সংযোগ থেকে গেলে সেটি আবার ফিরে আসতে পারে।

তাই অস্ত্রোপচারের সময় সিস্ট বাদ দেওয়ার পাশাপাশি তার সঙ্গে সন্ধির সংযোগটিও বন্ধ করা হয়। যদি সন্ধিতে ক্ষয় বা অতিরিক্ত হাড়ের বৃদ্ধি থাকে, তা হলে সেই সমস্যারও চিকিৎসা প্রয়োজন হতে পারে। গুরুতর ক্ষয়ের ক্ষেত্রে সন্ধি স্থায়ী ভাবে জুড়ে দেওয়ার অস্ত্রোপচারও বিবেচনা করা হয়।

অস্ত্রোপচারের সময়ও থামেনি কণ্ঠ। ছবি: সংগৃহীত

আঙুলের সব বৃদ্ধিই কি সিস্ট?
একেবারেই নয়। চিকিৎসকদের মতে, আঙুলের ত্বক, নরম টিস্যু, টেন্ডনের আবরণ বা সন্ধি, বিভিন্ন অংশ থেকেই বৃদ্ধি তৈরি হতে পারে। সিস্ট ছাড়াও আঁচিল, ফাইব্রাস টিস্যুর বৃদ্ধি, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটের কারণেও আঙুলে ফোলা বা দৃশ্যমান পরিবর্তন দেখা দিতে পারে। তাই শুধু চেহারা দেখে কোনও বৃদ্ধির কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
আঙুলের কোনও বৃদ্ধি দ্রুত বাড়লে, বারবার ফিরে এলে, ব্যথা বা ফোলা বাড়লে, রক্তপাত হলে বা ত্বক বা নখের চেহারায় পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আঙুল নাড়াতে সমস্যা হলেও বিষয়টি অবহেলা করা ঠিক নয়। প্রয়োজনে চিকিৎসক আলট্রাসাউন্ড বা এমআরআই করতে পারেন। কিছু ক্ষেত্রে টিস্যু পরীক্ষা বা হিস্টোপ্যাথলজির প্রয়োজনও হতে পারে।

সুস্থ থাকুন। ছবি: সংগৃহীত

ছোট বৃদ্ধি, সমস্যা কিন্তু গভীরে
আঙুলের এমন বৃদ্ধি সব সময় গুরুতর রোগের লক্ষণ নয়। সোনু নিগমের ক্ষেত্রে চিকিৎসকেরা যে ডিজিটাল মিউকাস সিস্টের কথা জানিয়েছেন, সেটিও একটি নিরীহ সমস্যা। কিন্তু একই জায়গায় সমস্যা বারবার ফিরে এলে শুধু সেটি বাদ না দিয়ে, এর কারণ খুঁজে দেখা জরুরি। কারণ নখের পাশে দেখা দেওয়া ছোট্ট একটি বৃদ্ধি কখনও কখনও যুক্ত থাকতে পারে তার গভীরে থাকা সন্ধির ক্ষয়ের সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement