৯ বছরের পুরনো এক মামলায় ঐতিহাসিক রায় দিল মিজোরামের এক জেলা আদালত। ২০১৭ সালে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণ ও অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। কয়েকদিন আগেই তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। এবার তাদের ৪২ বছরের কারাদণ্ড দিলেন বিচারক সিলভি জোমুয়ানপুই। তাদের মধ্যে একজন বাঙালি। অন্যজন উত্তরপ্রদেশের বাসিন্দা।
২০১৭ সালের ১৬ জুলাই মিজোরামের সুপুরি বনে ওই আদিবাসী তরুণীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই জওয়ান। পরে তাঁর মুখে অ্যাসিডও ঢেলে দেয়। এর ফলে ওই তরুণীর একটি চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। ক্ষতি হয় মুখের ত্বকের। ঘটনার সময় তরুণীর সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবী। তাঁরও মৃত্যু হয় কয়েকদিন পরে। তবে আদালত সেই খুনটির জন্য ওই দুই জওয়ানকে দোষী সাব্যস্ত করতে পারেনি। কিন্তু ধর্ষণ ও অ্যাসিড হামলায় সাজা শুনিয়েছে। গণধর্ষণের জন্য ২০ বছর, ধর্ষণের মাধ্যমে শারীরিক ক্ষতির জন্য ১০ বছর এবং অ্যাসিড হামলার জন্য ১২ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। তবে ওই তিনক্ষেত্রের সাজা একই সঙ্গে ভোগ করতে দোষীদের। এছাড়াও প্রতিটি অপরাধে ৬০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে তাদের। অনাদায়ে আরও ২ মাস করে জেল খাটতে হবে।
জানা গিয়েছে, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর জেলাশাসকের সামনে দুই দোষীকে সনাক্ত করেন নির্যাতিতা। শুরু হয় মামলার শুনানি। সবশুদ্ধ ১৮ জন সাক্ষী দেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চিকিৎসকরাও ছিলেন। অবশেষে দোষী সাব্য দুই জওয়ানকে সাজাও শোনাল আদালত।
