ফের আত্মহত্যা আইআইটি বম্বেতে! হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পড়ুয়া। মঙ্গলবার গভীর রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের চার নম্বর হস্টেলে। ঘটনায় পড়ুয়াদের মতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি বম্বেতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম নমন আগারওয়াল। বয়স ২১ বছর। তিনি রাজস্থানের পিলানির বাসিন্দা। নমন আইআইটি বম্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। হস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। পড়ুয়া ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে হস্টেলে পড়াশোনা করছিলেন একদল পড়ুয়া। সেই সময় তাঁরা নিচে কিছু পড়ার জোরালো শব্দ শুনতে পান। গিয়ে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন নমন। পড়ুয়ারাই তাঁকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা নমনকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খবর দেওয়া হয়েছে মৃত পরিবারের বাড়িতে।
প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, নমন আইআইটি ৩ নম্বর হস্টেলের ছাত্র ছিলেন। তিনি গভীর রাতে ৪ নম্বর হস্টেলে কী করছিলেন? সেই প্রশ্ন উঠেছে। পড়ুয়া ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে সেই কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানিয়েছে পুলিশ। আইআইটি কর্তৃপক্ষ এই ঘটনায় কোনও বিবৃতি জারি করেনি।
একের পর এক আইআইটি থেকে পড়ুয়ারাদের মৃত্যুর খবর সামনে আসছে। গত জানুয়ারি মাসের ২০ তারিখ আইআইটি কানপুরের আর্থ সায়েন্সেস বিভাগের একজন পিএইচডি স্কলার আত্মহত্যা করেন। এর ফলে গত দুই বছরে আইআইটি কানপুর ক্যাম্পাসে মোট আত্মহত্যার সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে, আইআইটি বম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর ও আইআইটি কানপুর-সহ একাধিক আইআইটিতে এই ধরণের ঘটনা ঘটেছে। শুধুমাত্র ২০২৩ সালেই আইআইটি ক্যাম্পাস জুড়ে কমপক্ষে ৭ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
